সোমবার সারা দেশে হরতাল
আগামী সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি, আজকের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ, গাজীপুরের জনসভা বানচাল এবং ১৪৪ ধারার মধ্যেই ক্ষমতাসীনদের মিছিল, বিক্ষোভের দ্বৈত নীতির প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জোটের মহাসচিব পর্যায়ের আজকের বৈঠকে জামায়াতে ইসলামী ছাড়া জোটের অন্য মহাসচিবেরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের প্রতিরোধের ঘোষণায় ১৪৪ ধারা জারির পর জনসভা করতে না পেরে আজ শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল ২০-দলীয় জোট। একইসঙ্গে তারা সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিএনপির পক্ষ থেকে চার বছরের শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।