সোমবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া আজ রোববার কামারুজ্জামানের ‘শাহাদাত কবুলের জন্য’ দোয়া অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আধা ঘণ্টা পর গতকাল শনিবার রাত ১১টার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করেন। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও লাশবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে মকবুল আহমাদ দাবি করেন, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও জনগণের প্রিয় নেতা কামারুজ্জামানকে হত্যা করেছে। উচ্চমাধ্যমিক শ্রেণির একজন ছাত্রকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে মহা ষড়যন্ত্র এবং তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যবস্থা আওয়ামী সরকার করেছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা সরকারের এই চক্রান্ত ও বীভৎস হত্যার নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই।’