সোমবারের হরতাল হবে শান্তিপূর্ণ:ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবারের হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২২ সেপ্টেম্বর ২০-দলীয় জোটের উদ্যোগে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তিনি।

আজ বিকেলে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এই সংশোধনীর মাধ্যমে বিচার-ব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেল। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা এখন থেকে আওয়ামী লীগের।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের ‘অবৈধ ও অনৈতিক’ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে জনগণের ম্যান্ডেটবিহীন সংসদে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করেছে। এই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ, অভিশংসনের ক্ষমতা এমন একটি সংসদের কাছে অর্পণ করা হলো, যা জনগণের ভোটে নির্বাচিত নয়।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতন্ত্রের একটি প্রধান প্রতিষ্ঠান স্বাধীন বিচার বিভাগেও দলীয়করণ চূড়ান্ত হলো। এই সংশোধনীর ফলে বিচারপতিদের ওপর যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে, তাতে জনগণের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সব সময়ই থাকবে।

ফখরুল আরও বলেন, ‘দেশের বরেণ্য সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক নেতাদের কেউই এই সংশোধনীকে সমর্থন করেননি। সবাই মনে করেন আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনকে পাকাপোক্ত এবং একনায়কতন্ত্রকে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার জন্যই এই সংশোধনী পাস করিয়েছে।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হজযাত্রী বহনকারী গাড়ি, সংবাদমাধ্যম, সাংবাদিকদের গাড়ি ও লাশ বহনকারী গাড়ি এবং খাওয়ার হোটেল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স হরতালের আওতামুক্ত থাকবে।