সোহরাওয়ার্দীতে সমাবেশের প্রস্তুতি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলা নেতাদের যৌথ সভা হয়।

সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি করতে চাই। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।’

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বরাবরের মতোই সমাবেশের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হবে এবং শেষ মুহূর্তে এর অনুমোদন দেওয়া হবে।

সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের জন্য ঢাকা মহানগর পুলিশ, গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন প্রয়োজন হয়। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির এ ধরনের কর্মসূচির সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে আসে এবং তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর গতকালই অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফোন করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিষয়টি অবহিত করেন।

আওয়ামী লীগের দুজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপিকে সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে ইতিবাচক রাজনীতির একটা বার্তা জনগণকে দিতে চায় সরকার ও আওয়ামী লীগ।

সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁরা এখনো সমাবেশ করার অনুমতি পাননি। তবে যথাসময়ে অনুমোদন পেয়ে যাবেন বলে আশা করছেন। তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। কারণ, কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কথা বলে আমাদের অনুমতি দেওয়া হয়নি। আমরা আশা করব, এই সমাবেশের অনুমতি যথাসময়ে দেবেন।’

গত মঙ্গলবার শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, ১২ নভেম্বর সমাবেশের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার তাঁদের আশ্বাস দিয়েছেন।

এই কর্মসূচিতে সরকারের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তাঁরা সব সময়ই বলে থাকেন যে তাঁরা কোনো বাধা দেন না, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের ও রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতায় তাঁরা বিশ্বাস করেন। মঙ্গলবারও তাঁদের একজন নেতা বলেছেন, এ ধরনের সমাবেশে কোনো বাধা নেই। তাঁদের এই কথাগুলো যেন সত্য প্রমাণিত হয়।

অনুমতি পেলে প্রায় দুই বছর পর রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা হবে। সর্বশেষ ২০১৬ সালের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিলেন তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে এ সমাবেশ হয়। এরপর ওই বছরের (২০১৬) ১৪ এপ্রিল (১ বৈশাখ) দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন খালেদা জিয়া।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রিফিংয়ে ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা বিএনপির নেতারাও ছিলেন।