
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।
বিকেল তিনটার দিকে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা ছাড়াও অন্যান্য সব মহানগর ও জেলা সদরে আজ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের শুরুতে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ জোটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। পর্যায়ক্রমে ২০-দলীয় জোটের নেতারা বক্তব্য দেবেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়। জোটের অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতারাও সমাবেশে আছেন।
সমাবেশে ২০-দলীয় জোটের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত রয়েছেন। বিকেল সোয়া তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছিলেন।