স্কুলে ১৭ লাখ টাকায় প্রধান শিক্ষক নিয়োগ চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী জাফরউল্যাহ
কাজী জাফরউল্যাহ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘যাঁরা ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করেন, তাঁরা আমাদের মতো রাজনীতি করেন। আপনারা চোখে আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেবেন কোনটি সঠিক, কোনটি বেঠিক। সবকিছুতেই রাজনীতির দোহাই দিয়ে দুর্নীতি করা ঠিক নয়।’

ফরিদপুরের ভাঙ্গায় ‘শিক্ষার মান উন্নয়নে সরকারের অবদান ও সার্বিক বিষয়ে মতবিনিময় সভায়’ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন কাজী জাফরউল্যাহ। উপজেলা কমপ্লেক্স চত্বরে আজ রোববার দুপুরে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

‘দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্য চলবে না, প্রতিটি প্রতিষ্ঠানকে শতভাগ দুর্নীতি মুক্ত করতে হবে’ মন্তব্য করে কাজী জাফরউল্যাহ বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ লাখ টাকায় প্রধান শিক্ষক, ১২ লাখ টাকায় সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া চলবে না।’
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা যদি শতভাগ ন্যায় ও সত্যের পক্ষে থাকেন, দুর্নীতির বিপক্ষে থাকেন, তাহলে সুন্দর দেশ গড়া সম্ভব।
তিনি বলেন, যারা ২০ লাখ টাকা বিনিয়োগ করে প্রধান শিক্ষক হন, তাঁদের লক্ষ্য থাকে কীভাবে ৫০ লাখ টাকা আয় করা যায়। রাজনীতিকদের শিক্ষকদের সম্মান দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে শিক্ষকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্যাহ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারাই পারেন জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী ফয়সালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা পৌরসভার মেয়র মো. আবু ফয়েজ রেজা, ভাঙ্গা সরকারি কে এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জমশেদ প্রমুখ।