স্ত্রী হত্যায় সন্দেহভাজন স্বামী চার দিনেও গ্রেপ্তার হয়নি
স্ত্রী হত্যায় সন্দেহভাজন মাইনউদ্দিন শেখকে চার দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বুধবার সন্ধ্যায় খিলক্ষেতের ব্যাপারীপাড়ায় গৃহবধূ শিউলিকে (৩০) শ্বাসরোধে হত্যার পর তাঁর স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী মাইনউদ্দিন বাসায় তালা মেরে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান।
পরে মাইনউদ্দিন তাঁর ভায়রা জামাল সরদারের মুঠোফোনে বলেছিলেন, ‘আপনার শালিকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান।’ বুধবার গভীর রাতে
পুলিশ খিলক্ষেতের ভাড়া বাসা থেকে শিউলির হাত-পা ও গলাবাঁধা লাশ উদ্ধার করলেও মাইনউদ্দিনকে ধরতে পারেনি। মাইনউদ্দিন শেখ খিলক্ষেত পদচারী-সেতুর নিচে গরুর ভুঁড়ি রান্না করে বিক্রি করেন।
এ ঘটনায় করা মামলাটি তদন্ত করছে খিলক্ষেত থানার পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুরে মাইনউদ্দিন তাঁকে ফোন করে বলেছিলেন, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। মাইনউদ্দিনকে থানায় আসতে বলা হলে তিনি তাঁর দুই ছেলেকে নানির কাছে দিয়ে থানায় আসবেন বললেও ধরা দেননি। তবে পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের দল ঢাকার বাইরে গেছে।
নিহত শিউলির পরিবার বলেছে, যৌতুক না দেওয়ায় মাইনউদ্দিন তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন।