স্ত্রীর চাকরির জন্য আ.লীগে যোগদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর চাকরির জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন। দলত্যাগের খবর প্রকাশ পাওয়ার পরেই স্বেচ্ছাসেবক দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতা সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় ঢাকায় এনা টাওয়ারে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন। এ সময় মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা আওয়ামী লীগে নবাগত আলতাফ হোসেনকে স্বাগত জানান। আলতাফ হোসেনের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন।
ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ সূত্র জানায়, আলতাফ হোসেনের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেছেন। এ পদে মঞ্জুয়ারাসহ আরও ২৩ জনের আবেদন পড়েছে। ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এনামুল হক। সাংসদ উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি।
আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মী সূত্র জানায়, স্ত্রীর চাকরি নিশ্চিত করার জন্যই আলতাফ হোসেন দল ত্যাগ করেছেন। দলত্যাগের পর গতকাল বৃহস্পতিবার আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিপদে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’ স্ত্রীর চাকরি নিশ্চিত করতে দলত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাকরিরও দরকার আছে।’ কত দিন আওয়ামী লীগে থাকবেন—এর জবাবে তিনি কিছু বলতে চাননি।
এদিকে আলতাফের আওয়ামী লীগে যোগদানের খবর প্রকাশ পাওয়ার পর বুধবার রাতেই জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজমুলতান জানান, আলতাফ হোসেন আগে পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হলো। তাঁর দলত্যাগ প্রসঙ্গে তাজমুলতান বলেন, ব্যক্তিস্বার্থের জন্যই তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে জানান, আলতাফ হোসেন স্ত্রীর চাকরির জন্য ক্ষমতাসীন দলে ভিড়েছেন। দলীয় ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীকে ওই পদে নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সাংসদের সঙ্গে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী জানান, সাংসদ এনামুলের এলাকার লোক হিসেবে আলতাফ হোসেন দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন।