স্থগিত দুটি কেন্দ্রে ভোট হবে ৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌর নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ৮ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ৮ মে পুনরায় ভোট গ্রহণ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের চিঠি গতকাল বিকেলেই তাঁরা হাতে পেয়েছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ওই দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়।
নির্বাচনে মেয়র পদে অন্য ১৩টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ১ হাজার ৩৬৯ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ২০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (নারকেলগাছ) ২ হাজার ৬৬৬ ভোট ও নিশান সাবের (মোবাইল ফোন) পেয়েছেন ৫১ ভোট। স্থগিত দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনে ফলাফলের ভিত্তিতে জয়-পরাজয় নির্ধারিত হবে।