স্থগিত ১০ কেন্দ্রের ভোট মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রে ভোট গ্রহণের দিন প্রতি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগসহ পাঁচ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কাল মঙ্গলবার স্থগিত কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণ করা হবে।
গতকাল রোববার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ১০টি কেন্দ্রের প্রতিটিতে ১২ জন পুলিশ সদস্যসহ ২৬ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুলিশের পাঁচটি ভ্রাম্যমাণ দল, চারটি স্ট্রাইকিং ফোর্স, র্যা বের পাঁচটি দল ও দুই প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক টহলে থাকবে। তিনি বলেন, নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক দলের পাশাপাশি আরও একটি প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ করবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা, বাক্স ভাঙচুর ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোতে ভোটারসংখ্যা ২৪ হাজার ৩১০ জন।
যে ১০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে তাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আক্তার হোসেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জহিরউদ্দিনের চেয়ে ১ হাজার ৫৯৫ ভোটে এগিয়ে আছেন।