স্থগিতাদেশ প্রত্যাহার, সম্মেলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাস পর সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর কেন্দ্রের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি জেলা শাখা হাতে পেয়েছে।
চলতি বছরের ৭ মার্চ এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলিবর্ষণ করে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষে সশস্ত্র মহড়া দেওয়ায় ঘটনা তদন্ত করতে ৮ মার্চ কেন্দ্রের একটি দল সিলেট ঘুরে যায়। এর এক দিন পরই জেলার সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।
সংগঠন সূত্র জানায়, এমসি কলেজের ঘটনা সাংগঠনিকভাবে তদন্তের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল জেলার সাংগঠনিক কার্যক্রম। এই সময়ের মধ্যে আরও কয়েকটি ঘটনা সংঘটিত হওয়ায় স্থগিতাদেশ টানা নয় মাস গড়িয়েছে। কেন্দ্র থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের পর আগামী দুই মাসের মধ্যে জেলা সম্মেলন করার নির্দেশও দেওয়া হয়েছে।