স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দল না হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াতে ইসলামী। সরকার রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার মন্ত্রিসভা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তাব অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন।

জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যতক্ষণ আদালতের নিষেধাজ্ঞা বহাল আছে, ততক্ষণ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করে বৈধ দল হিসেবে ঘোষণা দিলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে।

আইন সংশোধনের পর বর্তমানে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। জামায়াতের সেই সুযোগ আপাতত নেই। তবে জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

হাইকোর্ট ২০১২ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে সংক্ষিপ্ত রায় দেন। এরপর ২০১৩ সালের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের নামের তালিকা থেকে জামায়াতের নাম বাদ দেয়।

হাইকোর্টের রায়ের পর জামায়াতে ইসলামী এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে, যা বর্তমানে বিচারাধীন আছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে দলের উচ্চপর্যায়ে কথা বলে সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে জানানো হবে।