স্থানীয় মতই চূড়ান্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে দলটির ভেতরে নানা আলোচনা রয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ তিনজনের যে প্যানেল তৈরি করেছে, তাতে নাম নেই বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা বলছেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মহানগর না চাইলেও কেন্দ্রীয় নেতৃত্ব আইভীর ব্যাপারে এখনো ইতিবাচক। তবে আইভী বলেছেন, দল চাইলেই তিনি প্রার্থী হবেন, না চাইলে নয়।

দল যাঁকে চাইবে, তিনিই প্রার্থী হবেন এবং নৌকার প্রার্থীই দলের প্রার্থী—এ কথা বলছে নারায়ণগঞ্জের সব পক্ষই। ফলে মহানগর আওয়ামী লীগ প্যানেল তৈরি করলেও কেন্দ্রের সিদ্ধান্তের দিকে চেয়ে আছেন সবাই।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, নারায়ণগঞ্জে কাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জলবায়ু সম্মেলন থেকে ফিরলে এ বিষয়ে আলোচনা করতে পারেন। তবে মেয়র আইভী যে জনপ্রিয়, তা দলের মধ্যে আলোচনা আছে। দলীয় প্রধান জনমতের বাইরে যাবেন বলে মনে করছেন না নেতারা। আবার বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে কি না, সেটাও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। সে ক্ষেত্রে বিএনপি না এলে একজনকে দলীয় মনোনয়ন দিয়ে অন্যদের জন্য প্রতিযোগিতা উন্মুক্ত রাখার কৌশলও নিতে পারে শীর্ষ নেতৃত্ব।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, প্রার্থী বাছাইয়ের অনেক ধাপ ও প্রক্রিয়ার মধ্যে একটি হচ্ছে স্থানীয় নেতাদের কাছ থেকে নামের তালিকা সংগ্রহ। এর বাইরে দলের সমীক্ষা আছে। প্রার্থীর জনপ্রিয়তা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে। সব বিবেচনা করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড একজনকে চূড়ান্তভাবে নির্বাচন করবে। স্থানীয় পর্যায় থেকে পাঠানো নামের তালিকা থেকেও হতে পারে, এর বাইরে থেকেও আসতে পারে।

সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের আরেক সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে নারায়ণগঞ্জের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হবে। সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই দলের মনোনয়ন দেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে গত মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে দলের মহানগর শাখার সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করা হয়। কেন্দ্র থেকে তিনজনের নাম চাওয়ায় বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের নামও প্রস্তাব করা হয়। সেলিনা হায়াৎ আইভীর নাম কেউ প্রস্তাব করেননি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল।

এর আগে গত সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে তিনজনের নামের একটি প্যানেল ২০ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশনা দেয়।

কাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত দেবে, আমি তা মেনে নেব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি নির্বাচন করব না। এটা আমি ডিসাইডেড। আমার দৃঢ় বিশ্বাস, বিগত সময়ে আমার কর্মকাণ্ডে দল আমাকেই মনোনয়ন দেবে। কারণ, আমি ১৩ বছর যাবৎ এখানে কাজ করছি। অত্যন্ত প্রতিকূলতার মাঝে আমি নারায়ণগঞ্জ পৌরসভায় কাজ করেছি।’

আইভী আরও বলেন, ‘মহানগর আওয়ামী লীগ তড়িঘড়ি করে একটি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছে। একজন প্রভাবশালী নেতার নির্দেশে কাজটি হয়েছে। শহরের মধ্যে বহু আগে থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুটি ভাগে বিভক্ত। সে ক্ষেত্রে তারা কারও নাম কেন্দ্রে পাঠাতেই পারে। কেন আমার নাম পাঠায়নি, তারাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, ‘দিন শেষে দল যাঁকে মনোনয়ন দেবে তিনিই হবেন আমাদের প্রার্থী। নৌকা প্রতীক যিনি পাবেন, তাঁর সঙ্গেই আমরা থাকব।’

আইভী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হন। সিটি করপোরেশন ঘোষণা করার পর ২০১১ সালের প্রথম নির্বাচনে তিনি প্রভাবশালী ওসমান পরিবারের শামীম ওসমানকে (নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ) বিপুল ভোটে পরাজিত করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল শামীম ওসমানকে। আইভী বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হন।

গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় সাংসদ শামীম ওসমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বাস করেন, আমি রেডি ছিলাম আইভীর নাম প্রস্তাব করব। সবাই আইভীর নাম প্রস্তাব করবে। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা–কর্মীও আইভীর নাম প্রস্তাব করেননি।’

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৬ বছর পর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। গত ৯ অক্টোবর সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতি পদে নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। তিনজনের এই কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এর আগে আইভী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এটাকে দলের নেতারা আইভীর পদোন্নতি মনে করছেন। এ ছাড়া দীর্ঘদিন আটকে থাকার পর গত জুনে নারায়ণগঞ্জের মেয়রকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এ থেকে বোঝা যায়, দলীয় প্রধান শেখ হাসিনার বিবেচনায় আইভী আছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা ব্যানার–ফেস্টুন লাগিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।