স্থানীয় সরকারের দুরবস্থায়, সবাই একমত
দেশে স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমাবনতি ও দুরবস্থা সম্পর্কে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধি পর্যন্ত সবাই একমত। স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের অর্জন সম্পর্কে অভিজ্ঞতা ও মতামত বিনিময়-সংক্রান্ত এক সেমিনারে তাঁরা এই মত প্রকাশ করেন।
গুলশানের একটি কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান তাঁর ৪৮ বছরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার ক্রমশ দুর্বল হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার নিয়ে সুন্দর সুন্দর গবেষণা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অনেক প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে। এ সব প্রকল্প থেকে সুফল যে কিছুই পাওয়া যাচ্ছে না তা নয়। তবে প্রশ্ন হলো তা যথেষ্ট কি না।
ওই সেমিনারে সুনামগঞ্জের দিরাই উপজেলার তরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার বলেন, স্থানীয় সরকার দেশের সংবিধান স্বীকৃত একটি ব্যবস্থা হলেও তা চলছে আসলে দয়ার ওপর। আইন স্থানীয় সরকারের যে ক্ষমতা দিয়েছে তা প্রয়োগের সুযোগ তাঁর নেই। সরকার যে বাজেট বরাদ্দ করে তার সব স্থানীয় সরকারের হাতে পৌঁছে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করার ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে। এ সব কারণে স্থানীয় সরকার ব্যবস্থা এগোচ্ছে না। বরং পেছাচ্ছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, স্থানীয় সরকার নিয়ে এত গবেষণা হয়েছে যে তাঁর কাছেই দেশি-বিদেশি গবেষকদের প্রণীত ১৫-১৬ খানা গবেষণাগ্রন্থ রয়েছে। কিন্তু এ সব গবেষণার আলোকে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সরকারের নানা সিদ্ধান্ত কীভাবে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষতি করে তাও তিনি পেশাগত জীবনে দেখেছেন। তিনি বলেন, বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত একই দলের সরকার থাকবে।
‘লার্নিং শেয়ারিং সেমিনার অন স্ট্রেনদেনিং লোকাল গভর্নমেন্ট’ শীর্ষ এই সেমিনার যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও দ্য হাঙ্গার প্রজেক্ট। এই দুটি সংস্থা দেশের চারটি জেলার ১৪টি উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। তার ফলাফল সম্পর্কে অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়ের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রকল্পের লক্ষ্য সম্পর্কে ব্র্যাকের অন্যতম পরিচালক আন্না মিন্জ সেমিনারে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সার্বিক বিবেচনায় শক্তিশালী হয়ে যাতে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে সেটাই এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি ‘সক্রিয় নাগরিক গ্রুপ’ গড়ে তোলা যারা স্থানীয় সরকারকে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক ও আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রকল্প এলাকায় সমীক্ষা চালিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেন যা সেমিনারে উপস্থাপন করা হয়।
মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী প্রকল্পভুক্ত ৬১টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট তিন লাখ ৫২ হাজার ৯৪১ জনকে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারের উন্নয়নমূলক কাজে কোনো না কোনোভাবে যুক্ত করা হয়েছে। এই ইউপিগুলোতে পরিকল্পিতভাবে কাজ হয়।
সেমিনারে প্রকল্পভুক্ত ইউপিগুলোর কয়েকজন চেয়ারম্যান, কয়েকজন সদস্য, স্বেচ্ছাসেবী ও তথ্য বন্ধুসহ ১৯ জন এবং বাসদের রাজেকুজ্জামান রতন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী বক্তব্য দেন।
এ ওয়াই বি আই সিদ্দিকী বলেন, তিনি পেশাগত জীবনে যেমন দেখেছেন স্থানীয় সরকার বিষয়টি এখন তার চেয়েও জটিল হয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী করার প্রকল্প অব্যাহত রাখতে হবে এবং স্থায়ী সুফল পেতে হলে একসঙ্গে সারা দেশে চালাতে হবে।