স্থায়ী কমিটি: হিসাব মিলছে না খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠনে হিমশিম খাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বর্তমান স্থায়ী কমিটির কোনো সদস্যকে বাদ দিতে চান না চেয়ারপারসন খালেদা জিয়া। তাই নতুন কমিটিতে কেবল দুজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন তিনি। কিন্তু প্রার্থী আছেন অন্তত সাতজন। কমিটিতে কাকে রেখে কাকে নেবেন, সেই হিসাব মেলাতে পারছেন না তিনি।

কেন্দ্রীয় কাউন্সিলের চার মাস হতে চললেও স্থায়ী কমিটি বা কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তিনি। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটি ১৯ সদস্যের। চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিব পদাধিকার বলে এই কমিটির সদস্য। এটি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
স্থায়ী কমিটির গঠন নিয়ে খালেদার দ্বিধাদ্বন্দ্ব এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সম্প্রতি দলের স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য খালেদা জিয়াকে বলেছেন তিনিসহ আরও দুজন সিনিয়রকে বাদ দিয়ে নতুনদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে। কিন্তু খালেদা জিয়া তাতে সাঁয় দেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির ওই সদস্য প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির চেয়ারপারসনকে এ ধরনের কথা বলেছেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, কেউ আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির সদস্য পদপ্রার্থী না হলেও পাঁচ থেকে সাতজনের নাম জোরেশোরে আলোচিত হচ্ছে। এঁরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ শাহজাহান। এঁদের কাকে বাদ দিয়ে কাকে রাখবেন, তা নিয়ে বিএনপির চেয়ারপারসন দ্বিধা-দ্বন্দ্বে আছেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুজন আছেন, যাঁদের দুজনই প্রভাবশালী। যেকোনো একজনকে বাদ দিয়ে অন্যজনকে পদ দেওয়া কঠিন। কিন্তু চট্টগ্রাম থেকে অন্তত একজনকে রাখা প্রয়োজন। বাকিদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছে।
সূত্র জানায়, কমিটি গঠনে দেরি হওয়ার এটি একটি বড় কারণ। এ ছাড়া দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার ওপর খালেদা জিয়া পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। কিন্তু তাঁদের কাঙ্ক্ষিত পদ দেওয়া না হলে হিতে বিপরীত হতে পারে। আবার আংশিক নির্বাহী কমিটি ঘোষণার পর একজন যুগ্ম মহাসচিবসহ কয়েকজনের পদ পাওয়া নিয়ে বিএনপি দলের ভেতরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিল। এবার সে অবস্থা দল এড়াতে চায়।
এ অবস্থায় কেউ কেউ স্থায়ী কমিটির সদস্য ১৯ থেকে বাড়িয়ে ২৩ জন করার কথাও বলছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে দলে আলোচনা হয়নি। দলের কাউন্সিলে নির্বাহী কমিটির বিভিন্ন পদসংখ্যা বাড়ানো হলেও স্থায়ী কমিটির পদ বাড়ানো হয়নি। এর আগে পঞ্চম কাউন্সিলে স্থায়ী সদস্য বাড়িয়ে ১৫ থেকে ১৯ করা হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলে না হলেও চাইলে দলের চেয়ারপারসন পদসংখ্যা বাড়াতে পারেন। তবে পরবর্তী কাউন্সিলে তা অনুমোদন নিতে হবে।
এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটির সদস্যসংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না, তা তিনি জানেন না। তবে চেয়ারপারসন চাইলে তা করতে পারেন। দলের গঠনতন্ত্রে তাঁকে সে ক্ষমতা দেওয়া আছে।
গত ১৯ মার্চ দলের কেন্দ্রীয় কাউন্সিল করে বিএনপি। গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে নির্বাহী ও স্থায়ী কমিটি করার বিধান আছে। কিন্তু কাউন্সিলররা এই দুটি কমিটি গঠনের একক ক্ষমতা দেন চেয়ারপারসন খালেদা জিয়াকে। এখন পর্যন্ত কয়েক ধাপে নির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়েছে। নতুন স্থায়ী কমিটি গঠন করা হয়নি। দলের নেতাদের অনেকে আশা করেছিলেন, ঈদের আগে কমিটি দিয়ে খালেদা জিয়া নেতা-কর্মীদের ‘ঈদ উপহার’ দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, গত ১০ মে স্থায়ী কমিটির বৈঠকে চেয়ারপারসন বলেছেন, স্থায়ী কমিটিতে এখন যাঁরা আছেন, তাঁরা কেউ বাদ পড়বেন না। সে হিসাবে নতুন দুজন স্থায়ী কমিটিতে যুক্ত হওয়ার কথা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও মৃত্যুবরণ করায় আর এ গণির পদ দুটি খালি। বিএনপির অনেকে মনে করছেন, স্থায়ী কমিটির আরও দুই সদস্য শামসুল ইসলাম ও সারোয়ারী রহমানও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁদের জায়গায়ও দুজনকে নিয়োগ করা হতে পারে। তবে খালেদা জিয়া এই বিষয়ে স্থায়ী কমিটির সভায় কিছু বলেননি। স্থায়ী কমিটির ওই সদস্য আরও বলেন, বিএনপির চেয়ারপারসন ওই বৈঠকে বলেছেন, স্থায়ী কমিটির দুটি পদ খালি। কিন্তু ওই পদের প্রত্যাশী অনেক বেশি। ওই নেতা বলেন, এ বিষয়ে তিনি কারও পরামর্শ চাননি। এখনো চেয়ারপারসন সেভাবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করছেন না।