১৩ জেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৫১৯
স্থিতিশীলতার স্বার্থেই 'বিশেষ অভিযান': এলজিআরডি মন্ত্রী
১৩টি জেলায় গত শনিবার গভীর রাত থেকে গতকাল রোববার পর্যন্ত ‘বিশেষ অভিযান’ চালিয়ে ৫১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এঁদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ছাড়াও কয়েকটি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন নেতা-কর্মী আছেন। অরাজনৈতিক মামলার বেশ কয়েকজন আসামিও আছেন এর মধ্যে।
বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এবং পুলিশ নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জয়পুরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুরের মঠবাড়িয়া, বগুড়া, রাজশাহী ও শেরপুরে অভিযান চালিয়ে ওই গ্রেপ্তার করে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রোববার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কিছুটা ধরপাকড় করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থানীয় কোনো শত্রুতার কারণে কাউকে ধরা হচ্ছে না। যদি কাউকে এমনভাবে ধরা হয়, তবে তা খতিয়ে দেখা হবে।
সারা দেশে চলমান এই অভিযানের ব্যাপারে এর আগে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।
পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে গ্রেপ্তারের বিস্তারিত খবর জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সদর মডেল থানা এলাকা থেকে তিন, ফতুল্লা মডেল থানা এলাকা থেকে পাঁচ, সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লেকুসহ ছয়জন এবং বন্দর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ: বিএনপি, জামায়াত-শিবির ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন সদস্যসহ ১৬২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, ফুলবাড়িয়া পৌর জামায়াতের সাবেক আমির মো. মজিদ, গফরগাঁও উপজেলা জামায়াতের রুকন নাসির উদ্দিন, জেএমবির সদস্য মো. সুলতান ও মো. মোস্তাফা।
জয়পুরহাট: বিভিন্ন স্থান থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ ৯২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৮ কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়। প্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের ৩৭ জন ও বিএনপির একজন। বাকি ১২ জন অন্যান্য মামলার আসামি। তাঁদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: মেহেরপুরের গাংনী উপজেলার ১১টি গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গাংনী উপজেলার কসবা, করমদী, বাঁশবাড়িয়া, চৌগাছা, চাঁদপুর, এলাঙ্গিসহ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী: পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন এবং জামায়াত-শিবিরের ১৭ জন কর্মী রয়েছেন।
ফেনী: জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কার কারণে এবং বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপি ও জামায়াতের ১৯ জন। এ ছাড়া, অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন দুজন। অন্যরা অস্ত্র, মাদক ও বিভিন্ন মামলার পলাতক আসামি। গতকাল রোববার তাঁদের ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: বিএনপি ও জামায়াতের ১৯ নেতা-কর্মীসহ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ও রায়পুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. ফজলুল হক। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর সদরের ১০, রায়পুরের ৬, রামগঞ্জের ১৬, রামগতির ৯ জন, কমলনগরের ১৩ ও চন্দ্রগঞ্জ থানার ১১ জন রয়েছেন। এ ছাড়া, ডিবি পুলিশ বিএনপি ও শিবিরের ২ জনকে গ্রেপ্তার করেছে।
বরিশাল: সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর জামায়াতের আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সালাউদ্দিন মাসুমের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির একাধিক অভিযোগ আছে। কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে চার-পাঁচটি মামলা আছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া(পিরোজপুর): জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। নাশকতার চেষ্টা মামলা ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।
বগুড়া: বগুড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডারসহ দুই সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন জেহাদ কাজী (২২) ও আমিমুল এহসান ওরফে মোদাচ্ছির ওরফে তানজিম (২০)। তাঁদের কাছ থেকে পাঁচটি ধারালো অস্ত্র এবং ৭৩২টি জিহাদি বই-পুস্তিকা, সাংগঠনিক চাঁদা আদায় ও আয়-ব্যয়ের হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে বগুড়া শহরতলির পূর্বপালশা ও কাহালু উপজেলার দেওগ্রামে পৃথক অভিযান চালিয়ে ডিবি পুলিশ এ দুজনকে আটক করে।
রাজশাহী: মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মগরার বিলের বারইপুকুর এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৫৭টি গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সেলিম রেজা (২১) নামে ওই যুবকের বাড়ি গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচর পশ্চিম এলাকায়। পুলিশের দাবি, সেলিম নিজেকে শিবিরের কর্মী বলে পরিচয় দিয়েছেন।
শেরপুর: ঝিনাইগাতী থানার পুলিশ গতকাল ভোরে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার ধানশাইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শাহ আলম (৪০) এবং বনগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে শিবিরের কর্মী মো. জাহিদ হাসান (২২)। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।