স্পষ্ট কৌশল ছাড়াই নির্বাচনী প্রস্তুতিতে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সব তৎপরতাই চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু আগামী নির্বাচনটা কেমন হবে, কতটা অংশগ্রহণমূলক হবে, দলকে কীভাবে প্রস্তুত করা হবে, কৌশল কী হবে—এসব বিষয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতারা। ফলে নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার যে তৎপরতা শুরু করা হয়েছে, তাতে এখনো গতি আসেনি। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজেট প্রণয়ন এবং এ-সংক্রান্ত আলোচনায় নির্বাচনের সুর আছে। নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে ধর্মীয় গোষ্ঠীগুলোকে খুশি রাখার কৌশলও চলমান আছে। সভা-সেমিনারে ভোটের রাজনীতি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপিসহ বিরোধীরা কোন কৌশলে এগোচ্ছে, এ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার। এ ছাড়া মাঠে নিজ দলের ও দলীয় প্রার্থীর প্রকৃত অবস্থা কী, তারও পূর্ণাঙ্গ চিত্র জানা নেই। স্থানীয় সরকারের নির্বাচনগুলো অনেকটা একতরফা ও জবরদস্তিমূলক হওয়ার কারণে সেখান থেকেও সঠিক চিত্রটা পাওয়া যায়নি।

এ জন্য দলের একটা অংশ মনে করছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর মতো শক্তি এখনো দেশে তৈরি হয়নি। তাই দল বা নিজের অবস্থান যা-ই থাকুক না কেন, নির্বাচন নিয়ে এত হইচই করার কোনো প্রয়োজন নেই। তবে নতুন কেউ এসে জায়গা দখল করতে পারে—এমন আশঙ্কা থেকে কেউ কেউ দৌড়ঝাঁপ করছেন।

দলীয় সূত্রগুলো জানায়, নিজ দল ও সরকারের অবস্থান জানা এবং মাঠের পরিস্থিতি জানতে সরকারি, বেসরকারি ও দলীয়ভাবে নিয়মিত বিরতিতে জরিপ চালানো হচ্ছে। এর মধ্যে বিদেশি একটি প্রতিষ্ঠানকে নিয়ে প্রতিটি নির্বাচনী আসন ধরে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঈদের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফর করতে পারেন। সেখান থেকে ফিরে নির্বাচন সম্পর্কে অবস্থান পরিষ্কার করতে পারেন খালেদা জিয়া। এ ছাড়া নির্বাচন কমিশন জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছে। এরপর হয়তো নির্বাচন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, যা আওয়ামী লীগের কৌশল ঠিক করার জন্য কাজে লাগবে।

ওই নেতা আরও বলেন, আগামী নির্বাচনী রাজনীতির অনেক বিষয় অমীমাংসিত। তাই আগামী নির্বাচনে জোট-মহাজোটের বিষয়টির কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ মীমাংসার পদ্ধতি কী হবে, এটা নিয়েও মতভিন্নতা আছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ গতকাল প্রথম আলোকে বলেন, এখন রমজান চলছে। এরপর কোরবানির ঈদ হবে। মাঝে নির্বাচন কমিশন সংলাপ করবে। এরপর নির্বাচনের কৌশল ঠিক করা যাবে। তিনি বলেন, এখন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া চলছে। মানুষ সামনে যা পায়, সেটা নিয়েই ব্যস্ত থাকে। এখন মানুষ ঈদ নিয়ে ব্যস্ত। 

গত বছরের অক্টোবরে দলের জাতীয় সম্মেলনে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি সামনে নিয়ে আসে আওয়ামী লীগ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা-সমাবেশে ভোট প্রার্থনা শুরু করেন। দলীয় সূত্রগুলো বলছে, প্রায় পৌনে দুই বছর আগের নির্বাচনী আওয়াজ তোলার মূল লক্ষ্য হচ্ছে কর্মীদের চাঙা করা। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন করার ক্ষেত্রে মাঠে মুখ্য ভূমিকায় ছিল সরকারের প্রশাসন। কিন্তু আগামী নির্বাচনে পরিস্থিতি বদলাতেও পারে। তাই যেকোনো পরিস্থিতির জন্য দলকে প্রস্তুত করার জন্যই আগেভাগে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দল ও সরকার উদ্যোগী হয়েছে।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোজা ও বর্ষার কারণে এখন নির্বাচনের প্রস্তুতির বিষয়টি বন্ধ। ঈদের পর হয়তো পুনরায় চাঙা হবে। তবে এ ক্ষেত্রে বর্তমান মন্ত্রী-সাংসদদের সঙ্গে মনোনয়নপ্রত্যাশী নতুনদের সংঘাত তৈরি হয় কি না, সেই শঙ্কাও আছে।

ওই নেতা আরও বলেন, এর চেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলকে প্রস্তুত করার পদ্ধতি কী হবে। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণে অনেক নেতা বহিষ্কৃত হন। স্বতন্ত্র সাংসদদের বেশির ভাগই এরই মধ্যে আওয়ামী লীগে ভিড়েছেন। বহিষ্কৃত নেতাদের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও আগের পদ ফেরত দেওয়া হয়নি। ফলে যাঁর ক্ষমতা আছে, আগের পদের মর্যাদা ভোগ করছেন। অনেকে চুপচাপ বসে আছেন। এ ছাড়া দলের বিরোধ মেটানোর জন্য তৃণমূলে গিয়ে সভা-সমাবেশ শুরু করা হয়েছিল। কিছুদিন পর জেলা নেতাদের ঢাকায় ডেকে এনে বিরোধ মীমাংসার চেষ্টা হয়। এর মধ্যে কোনটা বেশি ফলপ্রসূ, এ নিয়ে দলের ভেতরই মতভেদ আছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, সারা দেশে প্রতিটি আসনে পাঁচ-সাতজন করে দলের প্রার্থী আছেন। সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে একজন প্রার্থী বাছাই করতে হবে। এর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ, জোট-মহাজোটের প্রশ্ন থাকবে; যা আসলেই কঠিন।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যতম মুখপাত্র মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ঈদের পর সদস্য সংগ্রহ অভিযান, তৃণমূলের সভা-সমাবেশ জোরদার করা হবে। এর মাধ্যমেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচনে কে এল না এল, এটা তাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ নিজের কাজ নিজে করে যাবে।