স্বজনপ্রীতি শব্দ জিয়ার অভিধানে ছিল না: নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
প্রথম আলো ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বজনপ্রীতি শব্দ তাঁর অভিধানে ছিল না।
নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেননি। নিজের পরিবারের জন্য তিনি কিছুই করেননি। তদবিরের জন্য তাঁর কাছে যাওয়ার সাহস কারও ছিল না। আত্মীয়স্বজনদেরও কাছে ঘেঁষতে দিতেন না।’

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘একাত্তরে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ দিশেহারা ছিল। তখন ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জাতি উজ্জীবিত হয়। জিয়ার বড় কৃতিত্ব হচ্ছে তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।’

স্বাধীনতা–পরবর্তী সময়ে দেশে ‘নৈরাজ্য নেমে আসে’ মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘সেই সময় রাষ্ট্র পরিচালনা দায়িত্বপ্রাপ্ত হয়ে বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দেন জিয়াউর রহমান।’

জেটেব সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি এ বি এম ওবায়দুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।