স্বজনের দাবি, তারেক এক মাস ধরে নিখোঁজ ছিলেন
রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের মধ্যে একজনের লাশ শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। এই যুবককে তারেক হোসেন মিলু হিসেবে শনাক্ত করে তাঁর লাশ গ্রহণ করা হয়েছে। তারেক প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি করেছেন স্বজনেরা।
মঙ্গলবার ভোরে তারেক হোসেন মিলু ও সুলতান মাহমুদ নামের দুই ব্যক্তি ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। পুলিশের দাবি, নিহত দুজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং তারেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
হাসপাতাল সূত্রে জানা যায়, তারেকের ছেলে আবদুল্লাহ, ভাগনে শহীদুল্লাহ চৌধুরী এবং ভাতিজা মাহমুদ হোসেন বিকেল চারটার দিকে হাসপাতালে এসে তাঁর লাশ শনাক্ত করেন।
মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর চাচা তারেকের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার কালোপুর গ্রামে। বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি কৃষিকাজ করতেন। প্রায় এক মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার টেলিভিশনে মৃত্যুসংবাদ শুনে তাঁরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। তবে কখন, কীভাবে তারেক নিখোঁজ হয়েছিলেন, তার জবাব দিতে পারেননি মাহমুদ।