স্বজনেরা দায়ী করেছেন ছাত্রলীগের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি বাজার এলাকায় ছুরিকাঘাতে ব্যবসায়ী রিপনের মৃত্যুর জন্য ছাত্রলীগের স্থানীয় কয়েকজন কর্মীকে দায়ী করেছেন স্বজনেরা। ৮ অক্টোবর রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রিপনের শাশুড়ি হাজেরা বেগম সাংবাদিকদের বলেন, ৮ অক্টোবর সন্ধ্যায় রিপনকে বাসা থেকে মুঠোফোনে ডেকে নেন ছাত্রলীগের কর্মী অহিদুজ্জামান, নাজমুল, আমজাদ ও মোমেন। এরপর রিপনকে ছুরিকাঘাত করা হয়। তিনি বলেন, ‘রিপন বালুর ঠিকাদারি ব্যবসা দেখাশোনা করতেন। কিন্তু কারও সঙ্গে তাঁর বিরোধের কথা শুনিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন আমাদের বলেছেন, ছাত্রলীগের কর্মীরা তাঁকে ডেকে নেওয়ার কিছুক্ষণ পরই ছুরিকাঘাত করা হয়।’
হাজেরা বেগম বলেন, শুক্রবার রিপনের লাশ বাড়িতে আনা হয়। ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ এসেছিলেন। তাঁর সঙ্গে এক শ থেকে দেড় শ ছেলে ছিল। আবদুর রশিদ রিপনের মামা হাবিবুল্লাহকে ডেকে বিষয়টি মীমাংসার জন্য বলেছেন। কিন্তু হাবিবুল্লাহ এতে রাজি হননি। তিনি প্রকৃত দোষী ব্যক্তিদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন বলে অভিযোগ করেন হাজেরা।
এলাকাবাসী সূত্র জানায়, ৮ অক্টোবর রাত নয়টায় ইস্পাহানি এলাকায় মসজিদের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী রিপনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেয়। পরে এলাকাবাসী তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ হুমায়ূন নামের একজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
বন্দর থানা ছাত্রলীগের কর্মী ও নাজিমউদ্দিন ভূইয়া ডিগ্রি কলেজের বিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী অহিদুজ্জামান বলেন, ‘ঘটনার দিন আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসে বসা ছিলাম। আমাকে নাজমুল ও রিপন এসে রিকোয়েস্ট করে বলে, এক জায়গায় যেতে হবে। এ সময় আমি তাঁদের সঙ্গে রওনা হলে আগে থেকে ওত পেতে থাকা হুমায়ূনসহ আরও দু-তিনজন আমাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এতে আমার শরীরে ৪৫টি সেলাই লেগেছে। নাজমুলও জখম হয়েছেন। হামলাকারী হুমায়ূনকে আমি এর আগে কখনো দেখিনি। আমার ধারণা, তিনি শিবির করেন।’
রিপন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে অহিদুজ্জামান বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। আমাকে ও রিপনকে হত্যা করার উদ্দেশ্যেই হামলাটি চালানো হয়েছিল।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনার পরপর রিপনের ভাই মাসুদ বাদী হয়ে হুমায়ূনকে আসামি করে মামলা করেন। কিন্তু এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। ছাত্রলীগ নেতারা ঘটনার সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সময় রিপনের সঙ্গে ছাত্রলীগের অহিদুজ্জামান ও নাজমুলকেও কুপিয়ে জখম করেন হুমায়ূন। পরে অহিদুজ্জামান, নাজমুলসহ অন্যরা রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারপরও বিষয়টির তদন্ত চলছে।