৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের আগে-পরে লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। র্যাবের সঙ্গে সংঘর্ষ, অভিযান ও ‘বন্দুকযুদ্ধ’ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁরা নিহত হন। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা কোনো মামলা করেননি।
নিহত ব্যক্তিদের কয়েকজনের স্বজন বলেছেন, ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকায় তাঁরা ভয়ে মামলা করেননি। একজনের স্বজন অভিযোগ করেছেন, স্বামী হত্যার ঘটনায় তিনি মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি।
অবশ্য পুলিশ বলেছে, কেউ মামলা করতে থানায় এলে অবশ্যই নেওয়া হতো।
২০১৩ সালের ২৬ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে লক্ষ্মীপুর পরিণত হয় আতঙ্কের শহরে। তফসিল ঘোষণার পরপরই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা রাস্তা ও গাছ কেটে জেলা শহরকে উপজেলাগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও যোগাযোগব্যবস্থা পুনরায় স্থাপনের জন্য ১২ ডিসেম্বর ভোরে র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদের নেতৃত্বে র্যাবের একটি দল লক্ষ্মীপুরে আসে। গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তারেক সাঈদ চাকরিচ্যুত ও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ওই মামলায় কারাগারে আটক আছেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর র্যাবের সঙ্গে সংঘর্ষে লক্ষ্মীপুর শহরের চকবাজারে নিহত হন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ (জুয়েল)। একই দিন শহরের বিভিন্ন এলাকায় র্যাবের সঙ্গে সংঘর্ষে নিহত হন লাহারকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, বাঞ্চানগর গ্রামের যুবদলের কর্মী মো. সুমন ও মোল্লা বাড়ির ছাত্রশিবির কর্মী মো. শিহাব। এই চারজন নিহত হওয়ার ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় কোনো মামলা হয়নি।
নিহত জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর লাশ এখনো পাওয়া যায়নি। ১২ ডিসেম্বর সকাল সাতটার দিকে জুয়েলের নেতৃত্বে মিছিল বের হয়ে চকবাজারে গেলে র্যাব মিছিলে গুলি করে। পরে ঘটনাস্থল থেকে জুয়েলের লাশ র্যাব গাড়িতে তুলে নিয়ে যায়। স্বামীকে হত্যার অভিযোগে তিনি লক্ষ্মীপুর সদর থানায় মামলা করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ মামলা নেয়নি।
অবশ্য ওই সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা দাবি করেছিল, কারও লাশ নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়।
সেদিন ভোরে শহরের উত্তর তেমুহনীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবুর বাড়িতে র্যাব-১১-এর অভিযানের পর এসব সংঘর্ষ হয়। অভিযানের সময় সাহাবউদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সাহাবউদ্দিনের ভাই আবুল কালাম আজাদ সেদিন অভিযোগ করেছিলেন, ওই অভিযানের সময় র্যাবের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীও ছিল। মাইক্রোবাসে আসা ওই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়।
১৪ ডিসেম্বর রাতে উত্তর তেমুহনীতে নিজ বাসভবনে নিহত হন জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহম্মদ। তাঁর ছেলে বেলাল হোসেন অভিযোগ করেন, ফয়েজ আহম্মদকে র্যাব গুলি করে বাড়ির তিনতলার ছাদ থেকে ফেলে হত্যা করে। এ ঘটনায় তাঁরা মামলাও করতে পারেননি। ভয়ে এখন তাঁরা লক্ষ্মীপুরের বাসা ছেড়ে ঢাকায় থাকছেন।
সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ফয়েজ আহম্মদের মৃত্যুর ঘটনায় ১৪ ডিসেম্বর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, তিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন।
১৫ ডিসেম্বর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিঘলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাবুল)। এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র্যাবের ডিএডি জাহাঙ্গীর কবির ১৭ ডিসেম্বর লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা করেন। তবে পরিবারের অভিযোগ, বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটেনি। তাঁকে হত্যা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, একই রাতে হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির কর্মী আবদুল মান্নান, যুবদলের কর্মী মো. সুমনকে র্যাব সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যান। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। বেলাল নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী ছায়েরা খাতুন সদর থানায় ১৫ ডিসেম্বর জিডি করেন। ১৭ ডিসেম্বর সকালে মান্নান ও সুমনের গুলিবিদ্ধ লাশ বটতলী বাজারের পাশে খালপাড় থেকে পুলিশ উদ্ধার করে।
মান্নান ও সুমনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু নাছের ১৯ ডিসেম্বর থানায় হত্যা মামলা করেন।
তবে ওই সময় র্যাব কাউকে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছিল।
স্বামীকে হারিয়ে দুই ছেলেমেয়ে নিয়ে কষ্টে দিন কাটছে নিহত আসাদুজ্জামানের স্ত্রী আমেনা বেগমের। মান্নানের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী রানী বেগম বাবার বাড়িতে বাস করছেন। এ দুজনও স্বামী হত্যার ঘটনায় মামলা করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আমেনা বেগম বলেন, ‘দুনিয়াতে বিচার পাব না। বিচার আল্লাহ করবে। মামলা করে কী লাভ হবে?’
৫ জানুয়ারি ভোটের দিন রামগঞ্জ উপজেলার মাছিমপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন রায়পুর আলিয়া মাদ্রাসার ছাত্র ও শিবির কর্মী শাহাদাত হোসেন (রুবেল)।
জেলা জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলাম অভিযোগ করেন, নির্বাচনকালে তাঁদের তিনজন নেতা-কর্মীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ন্যায়বিচার পাবে না, এ আশঙ্কায় নিহত ব্যক্তিদের পরিবারগুলো মামলা করেনি। সময় হলে এসব হত্যাকাণ্ডের বিচার হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান বলেন, বিএনপি-যুবদলের ছয়জনকে র্যাব ও র্যাবের ছদ্মাবরণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে।
২২ জানুয়ারি দিবাগত রাতে চরশাহী ইউনিয়নের যুবদলের কর্মী দিদারুল ইসলাম র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তিনি চরশাহী ইউনিয়নে দিদার বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায়ও তাঁর পরিবার বা দলের পক্ষ থেকে মামলা করা হয়নি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলা উদ্দিন দাবি করেন, হত্যাকাণ্ডের কোনো ঘটনায় আওয়ামী লীগ জড়িত নয়। র্যাবের অভিযানে কয়েকজন সন্ত্রাসী মারা গেছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাছিম মিয়া প্রথম আলোকে জানান, নিহত হওয়ার ঘটনায় কেউ মামলা করলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় গেলে অবশ্যই মামলা নেওয়া হতো।