দলীয় সিদ্ধান্ত অমান্য করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নেতা মো. আজিজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নোটিশ দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক উপজেলা বিএনপির ওই অংশের যুগ্ম আহ্বায়ক। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির একই অংশের আহ্বায়ক মকবুল হোসেন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। তাঁকে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।
আজিজুল হক বলেন, ‘আমি এখনো এ ধরনের কোনো চিঠি পাইনি। তা ছাড়া, আমি ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সাংসদ নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন। দল নির্বাচনে না আসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখন দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।’