
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সালমা ইসলাম জানান, মহাজোট থেকে মনোনয়ন না পাওয়ায় গত বুধবার তিনি জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় সালমান এফ রহমানকে। এতে হতাশ হন সালমা ইসলামের কর্মী-সমর্থকেরা। সালমা ইসলাম ২০১৪ সালের সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আব্দুল মান্নান খানকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন।
স্থানীয় লোকজন জানান, সালমা ইসলাম দোহার-নবাবগঞ্জ কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় এনেছেন। বিদ্যালয়ের ৮০টি পাকা ভবন, নতুন রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ পুরোনো রাস্তার সংস্কার করেছেন। উপজেলা দুটিকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছেন।
নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউপির চেয়ারম্যান রিপন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘সালমা ইসলাম আমাদের এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে নয়নশ্রী ইউনিয়নে স্বাধীনতার ৪৭ বছরেও যে উন্নয়ন হয়নি, সালমা ইসলাম বিগত পাঁচ বছরে তা করেছেন।’
সালমা ইসলাম বলেন, ‘জনগণের সেবায় আমৃত্যু নিয়োজিত থাকতে কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের অনুরোধে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।’