স্বতন্ত্র প্রার্থীর কাছে হার আ.লীগ ও বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীকে বেছে নিয়েছেন ভোটাররা। গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা ৬ হাজার ৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মেমং মারমা পেয়েছেন ৫ হাজার ৭৬৯ ভোট। বিএনপির প্রার্থী মো. ইউচুপ পেয়েছেন ৩ হাজার ৮৫৫ ভোট।
ভাইস চেয়ারম্যান হয়েছেন বিএনপির প্রার্থী পূর্ণ্য কান্তি ত্রিপুরা। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৮৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ঝর্ণা ত্রিপুরা। তিনি পেয়েছেন ৮ হাজার ১৭২ ভোট। ভোট গণনা শেষে গত রাত সাড়ে আটটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুইমারার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।
গতকাল সকাল থেকে সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোট গ্রহণে অনিয়মের কোনো চিত্র দেখা যায়নি। ভোট গণনার শেষ পর্যায়ে ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টার গুজব ছড়িয়ে পড়লে শত শত মানুষ গুইমারা ইউনিয়ন পরিষদের সামনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হয়। পরে প্রশাসন তাদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে ‘সিল মারা’র অভিযোগ করেছে বিএনপি। গতকাল বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে দেওয়া জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করে।
২০১৫ সালের ২ জুন খাগড়াছড়ির গুইমারাকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠন করা হয়। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত গুইমারা উপজেলার জনসংখ্যা প্রায় ৫৫ হাজার। ভোটারসংখ্যা ২৭ হাজার ৩৮১ জন।
গতকাল সকাল থেকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে তা বাড়তে থাকে। ১৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অনিয়ম এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ ছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র্যা ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। এ ছাড়া ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন সুষ্ঠু করতে নিয়োজিত ছিলেন।
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট চলছিল। একটার পর প্রশাসন কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত এজেন্ট ও লাইনের ভোটারদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্রে সিল মারা শুরু করে। নির্বাচনী কেন্দ্রের আশপাশে বিএনপি-সমর্থিত কয়েকজন নেতা-কর্মীকে মারধর করে আহত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জালিয়াপাড়াসহ বিভিন্ন স্থানে ছাত্রনেতা আরমানসহ বিএনপির শতাধিত নেতা-কর্মীকে মারধর ও আহত করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে প্রতিটি কেন্দ্র ভোটারশূন্য করে সিল মারেন সরকারি দলের লোকজন। অপরদিকে ‘সশস্ত্র গ্রুপের’ প্রার্থীর পক্ষে গভীর অরণ্য এলাকার কেন্দ্রগুলো দখল করার পাঁয়তারা চলে। এ ক্ষেত্রে প্রশাসনের নীরবতা লক্ষ করা গেছে।
নির্বাচনের ফলাফলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী উশেপ্রু মারমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত প্রার্থী ছিলেন। তবে এ বিষয়ে চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলা হয়নি।