মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চুর দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। তাঁরা বাচ্চু শেখের বিরুদ্ধে প্রচারণায় বাধা ও হুমকি প্রদানের অভিযোগও তুলেছেন। ৭ মে এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মোল্লা গত শুক্রবার তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বাচ্চু শেখের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ বহু মামলা রয়েছে। তারপরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। বাচ্চু শেখের হুমকিতে তাঁর পক্ষের কর্মী ও সমর্থকেরা প্রচারণায় নামতে ভয় পাচ্ছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের কাজী কসবা এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বাচ্চু শেখের লোকজন হামলা করে। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ মীরসহ পাঁচজন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় নির্বাচনী ক্যাম্প। এ ঘটনায় জাহিদ মীর বাদী হয়ে বাচ্চু শেখকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূইয়া।
বিএনপির প্রার্থী মোহাম্মদ হোসেন বলেন, বাচ্চু শেখ তাঁর সমর্থকদের অনবরত হুমকি দিচ্ছেন। হুমকি পেয়ে নেতা-কর্মীরা শঙ্কিত। এ ছাড়া তাঁকে সরকারি দলের প্রার্থীর চাপও মোকাবিলা করতে হচ্ছে। গত দুই দিনে একাধিকবার বাচ্চু শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ফোন ধরেন। প্রতিবারই তাঁরা বলেন, ‘বাচ্চু ভাই নির্বাচনী প্রচারে আছেন, কথা বলতে পারবেন না।’
রামপাল ইউপির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে বাচ্চু শেখের পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। সাধারণ ভোটাররা বলেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, তাঁদের ভয় বাচ্চুকে নিয়ে। নির্বাচনে তাঁর উপস্থিতিতে তাঁরা আতঙ্কিত।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা বলেন, সব সময় ক্ষমতাসীন ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থেকে বাচ্চু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। এবার ইউপি নির্বাচনে দুই দল থেকেই প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। স্বতন্ত্র প্রার্থী হলেও বাচ্চুর প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকে দেখা যায়।
হলফনামায় মামলার তথ্য: বাচ্চু শেখ তাঁর হলফনামায় মামলা-সংক্রান্ত তথ্যের ঘরে চারটি মামলা থাকার কথা উল্লেখ করেছেন। চারটি মামলাই মুন্সিগঞ্জ থানায় করা হয়। এর মধ্যে দুটি অস্ত্র আইনের মামলা। আর দুটি হত্যা মামলা। একটি অস্ত্র ও একটি হত্যা মামলায় তিনি খালাস পেয়েছেন, বাকি দুটি বিচারাধীন রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম ব্যাপারী বলেন, ‘ঢাকা ও মুন্সিগঞ্জে বাচ্চু শেখের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ বহু মামলা রয়েছে। এক ডজন বললেও অনেক কম হবে। তিনি হলফনামায় মামলা-সংক্রান্ত যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এর তদন্ত হওয়া উচিত।’ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, এসব মামলার তথ্য তাঁর কাছেও আছে। মামলাগুলো কী অবস্থায় আছে, খোঁজখবর করে দেখা হচ্ছে। তবে নির্ভয়ে যাতে প্রার্থীরা প্রচারণা চালাতে ও ভোটাররা কেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।