স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপনির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলটির স্থানীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। দলের জেলা কমিটির আহ্বায়ক ও এই আসনের সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে বলছেন নেতা-কর্মীদের।
উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী হলেন এই আসনে দলের প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ছায়েদ আলী মাহবুব হোসেন (সিংহ প্রতীক)।
দলীয় সূত্রে জানা গেছে, নাছির উদ্দিন চৌধুরীর বাড়ি দিরাই পৌর শহরের কালেজ রোড এলাকায়। দিরাই-শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। ১৯৯৬ সালে এই আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করে সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে নাছির চৌধুরী সাংসদ হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। শুরুর দিকে নির্বাচন নিয়ে নাছির চৌধুরী কোনো কথা না বললেও এখন তিনি প্রকাশ্যে কর্মিসভা করে দলীয় নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে ভোট দিতে বলছেন। তাঁর এই ভূমিকা নিয়ে দলের ভেতরে অনেকেই প্রশ্ন তুলেছেন।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাছির চৌধুরী সম্প্রতি দিরাইয়ের রাজানগর, কর্ণগাঁও, নগদীপুর বাজার, টানাখালী বাজার, শ্যামারচর বাজারসহ কয়েকটি স্থানে কর্মিসভা করে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে বলেছেন। রাজানগরের কর্মিসভায় দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাপ মিয়া উপস্থিত ছিলেন। গোলাপ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছি, এটা ঠিক। কিন্তু তাঁর সঙ্গে কোনো প্রচারণায় যাইনি। আমাদের নেতা-কর্মীদের বলছি, যাতে কেউ নৌকায় ভোট না দেয়।’ গত বুধবার কর্ণগাঁওয়ের কর্মিসভায় দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দিরাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ছবি চৌধুরী উপস্থিত ছিলেন। ছবি চৌধুরী বলেন, ‘নাছির চৌধুরী আমাদের নেতা। তিনি ডেকেছেন তাই গিয়েছি। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের ধারাবাহিকতাই এই উপনির্বাচন। তাই বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি। আমাদের বক্তব্য হলো, ভোট দিলে নৌকায় না দিয়ে স্বতন্ত্র প্রার্থীকেই যেন নেতা-কর্মীরা দেন।’
দিরাই পৌর বিএনপির সহসভাপতি আবদুস সালাম বলেছেন, ‘দল যেহেতু নির্বাচনে অংশ নেয়নি, তাই আমরা ভোট বর্জন করব।’
দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান বলেছেন, ‘বিএনপি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলেও তাঁর সঙ্গে দলের কেউ সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নাছির চৌধুরী কর্মিসভা করে সবাইকে বলে দিয়েছেন নৌকায় ভোট না দিতে।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক আছপিয়া বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করেছে। দিরাই-শাল্লার ক্ষেত্রেও দলের একই সিদ্ধান্ত। নাছির চৌধুরী কেন্দ্রীয় সিদ্ধান্ত লঙ্ঘন করছেন।
জানতে চাইলে নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই আসনে আমাদের ৫০-৬০ হাজার ভোটা আছে। আমরা নেতা-কর্মীদের বলেছি, নৌকায় ভোট দেওয়া যাবে না।’ তাহলে কাকে ভোট দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন আছেন, তাই তাঁকেই ভোট দিতে বলেছি।’
গত ৫ ফেব্রুয়ারি এই আসনের সাংসদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনের ভোট হবে ৩০ মার্চ।