স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী। গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়।
বিএনপির প্রার্থী আবদুল মালেক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম আচরণবিধি লঙ্ঘন করে শহরে শোডাউন করেছেন, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এ ছাড়া নির্বাচনী কাজে পৌরসভার লোকবল, যানবাহন ব্যবহার করছেন। রফিকুল আলমের পক্ষ থেকে বিএনপির সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন বলেও জানান। প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শানে আলমও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
তবে অভিযোগের বিষয়ে রফিকুল আলম সাংবাদিকদের বলেন, তিনি শোডাউন করেননি। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে তিনি বের হন। এ সময় সমর্থকেরাও জড়ো হন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমি শুনেছি। বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’