নাটোরের সিংড়া উপজেলায় গতকাল রোববার ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মলয় কুমার সরকারের ভাই বিতান কুমার সরকারকে জিম্মি করে মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ মে ছাতারদীঘি ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার মারা যান। তাঁর শূন্য পদে ১৩ জুলাই উপনির্বাচন হবে। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল রোববার পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলতাফ হোসেন, বিএনপির আব্দুল জলিল, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান মলয়সহ পাঁচজন মনোনয়নপত্র তোলেন।
স্বতন্ত্র প্রার্থী মলয় গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই বিতান ও তাঁর বন্ধু বাচ্চু সরদার গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র তোলেন। পরে বাচ্চু মনোনয়নপত্রটি নিয়ে নির্বাচন কার্যালয় ত্যাগ করেন। বিতান নির্বাচন কার্যালয় থেকে বেরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচে এলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামসহ ৮ থেকে ১০ জন নেতা-কর্মী তাঁকে ঘিরে ধরেন। তাঁরা তাঁকে পাশের মোতালেবের চায়ের দোকানের সামনে আটকে রাখেন। এ সময় তাঁকে মনোনয়নপত্রটি তাঁদের কাছে দিতে বলা হয়। বিতান মনোনয়নপত্রটি ছাতারদীঘিতে পাঠিয়ে দেওয়ার কথা জানালে তাঁরা তাঁর মোটরসাইকেলের চাবি ও হাতব্যাগ কেড়ে নেন। এভাবে প্রায় তিন ঘণ্টা তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে মলয় ঘটনাটি হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাটোরের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার সরকারকে জানান। তিনি বিষয়টি সিংড়া থানার ওসি ও পুলিশ সুপারকে জানান। অবশেষে মলয় তাঁর মনোনয়নপত্রটি লোকমারফত আনিছুরের কাছে পৌঁছে দেন এবং ভবিষ্যতে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন প্রতিশ্রুতি দিলে বিতানকে ছেড়ে দেওয়া হয়।
বিতান বলেন, ‘আমাকে আটকে রেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বাধ্য হয়ে মনোনয়নপত্রটি ওদের হাতে তুলে দিয়েছি।’
সুশান্ত বলেন, ‘বিতানকে আটকে রাখার খবর পেয়ে আমি তাৎক্ষণিক ওসি ও এসপিকে ফোন দিয়েছিলাম। তাঁরা সরকারি সভায় ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি। তবে তাঁরা উভয়েই সভা থেকে বের হয়ে আমাকে ফোন করে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে ততক্ষণে বিতান মনোনয়নপত্র ফেরত দিয়ে মুক্তি পেয়েছিলেন।’
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বলেন, ‘তিনি লোকমুখে ঘটনার কিছুটা শুনেছেন। তবে তাঁর কোনো নেতা-কর্মী এ ধরনের ঘটনা ঘটাননি।’
অভিযুক্ত আনিছুর বলেন, এ ধরনের ঘটনা তাঁর জানা নেই। যে সময়ের ঘটনার কথা বলা হচ্ছে, সে সময় তিনি ঘটনাস্থলের পাশেই আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে জলমহাল ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি সভায় উপস্থিত ছিলেন।
সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিতানকে আটকে রাখা বা মনোনয়নপত্র কেড়ে নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়নি। একটা চায়ের দোকানের সামনে প্রার্থীর ভাইয়ের সঙ্গে কিছু যুবকের তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি।’