স্বতন্ত্র সাংসদের ফাঁসি চাইল ফেনী যুবলীগ
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবি জানিয়েছে যুবলীগ। গতকাল শনিবার দুপুরে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় জেলা যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির। এতে অভিযোগ করা হয়, সাংসদ রহিম উল্যার নির্দেশে ২ জুন সন্ধ্যায় সোনাগাজীর সোনাপুর বাজারে যুবলীগ নেতা আজিজুল হককে হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে হত্যা, এলাকায় উন্নয়নকাজে বাধা দেওয়া, উন্নয়নমূলক কাজ থেকে টাকা আদায়, বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিভিন্ন প্রকল্পের কাজ দেওয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ক্ষতি করার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করাসহ ১৯টি অভিযোগ তুলে ধরা হয়।
তবে সাংসদের রহিম উল্যা তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলেছেন। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তার একটিও প্রমাণ করতে পারবে না কেউ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম মিয়াজী, সোনাগাজী উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
এক প্রশ্নের জবাবে নেতারা আজিজুল হক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করায় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দোষারোপ এবং তাঁকে বদলি করার দাবি জানান।
যুবলীগ নেতা আজিজুল হক হত্যার ঘটনায় ৪ জুন তাঁর স্ত্রী বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। মামলার এজাহারে সাংসদ রহিম উল্যাকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।