স্বতন্ত্র সাংসদের বিরুদ্ধে আ.লীগের বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল আওয়ামী লীগের কেউ নন। তিনি ছেলেদের অস্ত্র কিনে দিয়েছেন। দেবীদ্বারে পাঁচটি মাইক্রোবাসে ‘জাতীয় সংসদ সদস্য’ লেখা স্টিকার লাগানো আছে। এগুলোতে সাংসদের অনুসারীরা চলাফেরা করেন। তাঁর বাহিনীর সদস্যরাই গত ২৯ জানুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
গতকাল বুধবার কুমিল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ এসব অভিযোগ করেন। বেলা সাড়ে ১১টায় নগরের বাদুড়তলা এলাকার একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়। দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ওই সংবাদ সম্মেলন হয়। গত ২৯ জানুয়ারি হামলায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত আটজন নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ২৯ জানুয়ারি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ছিল। ওই সভায় যোগ দিতে নেতা-কর্মীরা শোভাযাত্রা করে চান্দিনায় যাচ্ছিল। পথে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ফখরুল ইসলাম মুন্সী ও তাঁর ছেলে স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সশস্ত্র ক্যাডার বাহিনীর হামলায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম ওরফে ভিপি কামাল, দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কবির ইকবাল খান প্রমুখ।
অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘সামনে আওয়ামী লীগের সম্মেলন, তারা সেক্রেটারি হতে চায়। সে জন্য আমার বিরুদ্ধে নোংরা কথা ছড়াচ্ছে। আমার কোনো নেতা-কর্মীর গাড়ি নেই। আমি কাউকে গাড়ি ব্যবহার করতেও দিইনি। ২৯ জানুয়ারির বিষয়টি সাজানো। হামলার ঘটনায় আমার কোনো লোক জড়িত নয়। আমার বাবা ও আমার কোনো ক্যাডার বাহিনী নেই।’