স্বতন্ত্র সাংসদের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে মামলা হয়েছে। সোনাগাজী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ওরফে ভুট্টু গতকাল সোমবার ফেনীর বিচারিক হাকিম খাইরুন নেছার আদালতে এ মামলা করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর সন্ধ্যায় সাংসদ রহিম উল্যাহর নেতৃত্বে সন্ত্রাসীরা উপজেলার সোনাপুর বাজারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে ও দোকানপাটে লুটপাট চালায়। তিনিসহ কয়েকজন এতে বাধা দিতে গেলে সাংসদ তাঁর অস্ত্র দিয়ে তাঁকে (ভুট্টু) হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় মামলা করতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে বাধা দেয়। এ কারণে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
আদালত অভিযোগ আমলে নিয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আ.লীগের সভা: সাংসদ রহিম উল্যাহর ভাতিজার দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাহার উদ্দিন বাহার, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ।
গত শনিবার সাংসদ রহিম উল্যাহর ভাতিজা মো. শেখ ফরিদ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেন।