স্বতন্ত্র সাংসদের সভা পণ্ড করে দিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর সমাবেশ গতকাল শুক্রবার পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ছাড়া তাঁরা সাংসদকে সড়কের ওপর প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানায়।
সূত্র জানায়, সাংসদ রহিম উল্যাহ গতকাল সকালে সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে তাঁর নিজস্ব বিপণিবিতানের সামনে গণসমাবেশের আয়োজন করেন। সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশস্থলে মাইক লাগানো হয়। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মাইক খুলে ফেলেন। বেলা ১১টার দিকে সাংসদ রহিম উল্যাহ তাঁর বেশ কিছু সমর্থকসহ সমাবেশের উদ্দেশে উপজেলার সোনাপুরের বাড়ি থেকে বের হন। সোনাগাজী থানার পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর পথ অবরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় সোনাগাজী থানার পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টা পর দুই পক্ষ দুই দিকে চলে যায়।
বেলা তিনটার দিকে সাংসদ রহিম উল্যাহ তাঁর বিপণিবিতানের সামনের সড়কে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তাঁর বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। সাংসদ রহিম উল্যাহ বলেন, ‘ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরাম হত্যার মূল পরিকল্পনাকারী। তাঁর নেতৃত্বে একটি সিন্ডিকেট সারা জেলায় সন্ত্রাস-চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। গত ১৫ নভেম্বর ওই সিন্ডিকেটের সদস্যরা ফেনী সার্কিট হাউসে আমাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে।’
সাংসদ রহিম উল্যাহর বক্তব্যের পর বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সাংসদ রহিম উল্যাহ নির্বাচিত হওয়ার পর থেকে দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যার হুমকি দেওয়াসহ নানাভাবে হয়রানি করছেন।’ তিনি বলেন, ‘উন্নয়নকাজের বরাদ্দ থেকে তিনি (সাংসদ) কমিশন আদায় করেন। উন্নয়নকাজে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমন্বয় করেননি। উল্টো বিএনপি-জামায়াত ও সন্ত্রাসীদের পুনর্বাসন করছেন। এসব কারণে তাঁকে সোনাগাজীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ অভিযোগ করেন, গতকাল বিকেলে সাংসদ রহিম উল্যাহ উপজেলা সদর থেকে সোনাপুরের বাড়িতে ফেরার সময় তাঁর বাড়ি লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন। এ সময় তাঁর সঙ্গীরা ককটেলের বিস্ফোরণ ঘটান।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, সাংসদ রহিম উল্যাহকে পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সাংসদের গাড়িবহর থেকে ভাইস চেয়ারম্যান হিরণের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানোর সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘সাংসদ রহিম উল্যাহ নিজেই সোনাগাজীতে অরাজকতা শুরু করে উল্টো আমার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তিনি সেখানে আওয়ামী লীগের নেতাদের হত্যার হুমকি দিচ্ছেন বলে দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করছেন। তাঁর সঙ্গে আমার বিরোধ থাকার কোনো কারণ নেই।’