স্বতন্ত্র সাংসদেরা চান আ.লীগের ছাতা
দু-একজন বাদে দশম সংসদের স্বতন্ত্র সাংসদদের প্রায় সবাই আওয়ামী লীগে যোগ দেওয়ার পক্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে আওয়ামী লীগও তাঁদের দলে অন্তর্ভুক্ত করতে চায়।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র ও স্বতন্ত্র সাংসদদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে দলের পক্ষ থেকে করা জরিপে এসব সাংসদের অনেকের ব্যাপারে ভালো ফল এসেছে। তাই তাঁদের দলে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গত বুধবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) সঙ্গে ১১ জন স্বতন্ত্র সাংসদ বৈঠক করেন। ওই বৈঠকে চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিমও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, ১১ জন ছাড়াও বৈঠকে উপস্থিত থাকতে পারেননি এমন কয়েকজন সাংসদও আওয়ামী লীগে যোগ দিতে আগ্রহী বলে জানানো হয়। পরে ওবায়দুল কাদের তাঁদের দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানান।
এসব সাংসদের মধ্যে ১৪ জন আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বাকি দুজনের মধ্যে পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ২০০১ সালে বিএনপির মনোনয়নে এবং তার আগে তিনি জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। রাঙামাটির ঊষাতন তালুকদার জনসংহতি সমিতির নেতা।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, রুস্তম আলীকে আওয়ামী লীগে যোগদান করানো হবে। আর যাঁরা আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত, তাঁদের ৭ মে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।
ঊষাতন তালুকদার প্রথম আলোকে বলেন, কয়েকজন স্বতন্ত্র সাংসদ আওয়ামী লীগে যোগ দিতে গেছেন। তবে তিনি আওয়ামী লীগে যোগদান করেননি।
বুধবার রাতের বৈঠকে অংশ নেওয়া নরসিংদী-২ আসনের সাংসদ কামরুল আশরাফ খান ও নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা আওয়ামী লীগের সংসদীয় দলের আগামী বৈঠকে অংশ নেবেন। তাঁরা আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন।
ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্লাহ ও মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন না। তাঁরাও আওয়ামী লীগে যোগদানে আগ্রহী বলে প্রথম আলোকে জানিয়েছেন। রহিম উল্লাহ বলেন, তাঁকে দাওয়াত দেওয়া হয়নি। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। যোগ দিতে প্রস্তুত আছেন। আর মকবুল বলেন, তিনি যোগ দেওয়ার প্রক্রিয়াতেই আছেন। আওয়ামী লীগই তাঁর শেষ কথা। দলীয় সূত্র জানায়, ফেনী ও মেহেরপুরের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই দুজনকে ডাকা হয়নি। তবে তাঁদেরও দলে নেওয়া হবে।
বর্তমান সংসদের বাকি স্বতন্ত্র সাংসদেরা হলেন আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৮), ছলিম উদ্দীন তরফদার (নওগাঁ-৩), রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১), তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-২), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), হাজি মোহাম্মদ সেলিম (ঢাকা-৭), মজিবুর রহমান চৌধুরী (ফরিদপুর-৪), আবদুল মতিন (মৌলভীবাজার-২), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩) ও রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪)।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে নমনীয় ছিল আওয়ামী লীগ। এ জন্যই স্বতন্ত্র সাংসদদের আওয়ামী লীগের বাইরের লোক মনে হয়নি। এ ছাড়া গত বছর দলের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা উপজেলা ও সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরপরই স্বতন্ত্র সাংসদদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু জাতীয় পার্টি নামে বিরোধী দল। তাই সংসদ কার্যকর রাখার স্বার্থে এত দিন স্বতন্ত্র সাংসদদের সরকারি দলে নেওয়া হয়নি।