স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্সে পুলিশের সীমা অতিক্রম: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজ উদ্দিন আহম্মেদ । ফাইল ছবি
হাফিজ উদ্দিন আহম্মেদ । ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঢালাও লাইসেন্সের’ ফলে পুলিশ সীমা অতিক্রম করেছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
‘অল কমিউনিটি ফোরাম’ নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় হাফিজ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ সব সময় ভালো কাজ করে। এ ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা (পুলিশ) সীমা অতিক্রম করেছে।’
হাফিজ মনে করেন, পুলিশ এখন বেপরোয়া হয়ে গেছে। তার কারণ, গণতন্ত্রের অনুপস্থিতি। হাফিজের ভাষায়, ‘পুলিশ কেন এত বেপরোয়া? কারণ গণতন্ত্র নেই। পুলিশ এই সরকারকে রক্ষা করে যাচ্ছে। জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, এভাবেই তারা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেছে। এ জন্য তারা তোয়াক্কা করে না কারও। এ জন্য দেশের রাজা পুলিশ—তারা নিজেরাই ঘোষণা দিয়েছে।’
সম্প্রতি মিরপুরে পুলিশের ছোড়া স্টোভ থেকে আগুন লেগে চায়ের দোকানি বাবুলের মৃত্যুকে দুঃখজনক উল্লেখ করে হাফিজ বলেন, এখন পুলিশ একটি দলের বাহিনী। তাদের রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে। এখন দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ পুলিশ বাহিনী এ রকম ছিল না। তাদের ভালো কাজ করার ঐতিহ্য আছে।