স্বরূপকাঠিতে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী (বর্তমান মেয়র) ‍শফিকুল ইসলাম। আজ বেলা দুইটার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এর আগে রিটার্নিং কর্মকর্তার কাছেও ভোটগ্রহণে অনিয়মের লিখিত অভিযোগ করে তিনি একই দাবি জানান।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা মারধর করেন। এ ছাড়া সকল ১০টার মধ্যে তাঁর সব নির্বাচনী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে জাল ভোট দেওয়া হয়েছে এবং বিএনপির সমর্থকদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সকালে চার নম্বর ভোট কেন্দ্রে গেলে তাঁর স্ত্রীর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের পোলিং এজেন্ট নৌকায় সিল মেরেছেন।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ গোলাম কবির এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ গোলাম কবির ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ১২ হাজার ৪৭০ জন।