নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রচার-প্রচারণা চালিয়ে বেশ স্বস্তিতেই আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। কিন্তু বেকায়দায় আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাধায় তাঁরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেনের মৃত্যু হওয়ায় পদটি শূন্য হয়। এ পদ পূরণে ১৬ এপ্রিল উপনির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন হেমায়েত হোসেনের স্ত্রী মারিয়া হোসেন। মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহীনা সুলতানা এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ জামিল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নে ভোটার আছেন ৯ হাজার ৩১০ জন। এর মধ্যে নারী ৪ হাজার ৭২৪ এবং পুরুষ ৪ হাজার ৫৮৬ জন।
বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, ‘আমার সমর্থকদের প্রচার-প্রচারণা চালাতে বাধা দেওয়া হচ্ছে। প্রচারে গেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা ভয়ভীতি দেখাচ্ছেন। গালাগাল করছেন, চড়-থাপ্পড় মারছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের কাছে তিনবার লিখিত অভিযোগ করেছি। কিন্তু কাজ হচ্ছে না। পুলিশ পদক্ষেপ নিচ্ছে না।’
বিএনপির মনোনীত প্রার্থী শেখ জামিল আহমেদ অভিযোগ করেন, ‘বিএনপির কর্মীরা এমনিতেই পুলিশ–আতঙ্কে থাকেন। এ অবস্থায়ও পুলিশ আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন মোটরসাইকেলের বহর নিয়ে চললেও সমস্যা নেই। আর আমার পাঁচজন লোককেও একসঙ্গে থাকতে দিচ্ছে না পুলিশ।’
তবে ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মারিয়া হোসেন। তিনি বরং প্রচার–প্রচারণার সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আল্লাহর রহমতে আমার পক্ষে প্রচারে সমস্যা হচ্ছে না। পুলিশের ভূমিকাও ভালো এবং নিরপেক্ষ।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এ প্রসঙ্গে বলেন, বিদ্রোহী প্রার্থীর লিখিত অভিযোগ পেয়ে সব প্রার্থীকে ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ টহল দিচ্ছে। গোপনে কারও বাড়িতে গিয়ে কিছু করলে তো করার কিছু নেই। প্রকাশ্যে পুলিশের সামনে কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে।