স্বাচিপের মতো বিভক্ত আ.লীগ নেতারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচন নিয়ে আওয়ামীপন্থী চিকিৎসকদের বিভক্তি কাটেনি। চিকিৎসকদের মতো এই নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের স্থানীয় জ্যেষ্ঠ নেতারাও। দুই পক্ষের চাপে পড়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার।
এবার নির্বাচনে চট্টগ্রামে স্বাচিপের দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। এক পক্ষের সভাপতি পদে রয়েছেন স্বাচিপের মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। অন্য পক্ষে সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সদস্যসচিব নাসির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান।
চট্টগ্রামে স্বাচিপের এই বিভক্তি সম্পর্কে জানতে চাইলে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল আর্সলান ৪ ডিসেম্বর প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে স্বাচিপের দুটি পক্ষই আমাদের। আমরা তাদের এক করতে পারিনি। কারণ চট্টগ্রামে স্বাচিপের লোকজন রাজনৈতিক ব্যক্তিদের ওপর বেশি নির্ভর করেন।’
মুজিবুল হক খান-ফয়সাল ইকবাল চৌধুরী পরিষদ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। মেয়র নাছির উদ্দীন তাঁদের প্যানেল ঘোষণা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেয়র নাছির উদ্দীন বলেন, ‘চিকিৎসকদের সুখে-দুঃখে আমি সব সময় ছিলাম। একটি পক্ষ সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে প্রতিবারই নির্বাচন করে। আবার অন্য একটি পক্ষ নির্বাচন এলে ভোল পাল্টে কখনো এই নেতা, কখনো ওই নেতার সঙ্গে যোগাযোগ করে নির্বাচন করে।’
অপর দিকে নাসির-মিনহাজ পরিষদ যোগাযোগ রক্ষা করে চলেছে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে। দুই নেতার সঙ্গে এই পরিষদের নেতারা দেখাও করেছেন।
এ বিষয়ে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘বিএমএ নির্বাচন চিকিৎসকদের বিষয়। একটি পক্ষ আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। ওই নির্বাচন নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তবে আমি চাই নিরপেক্ষ একটি স্থানে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক।’
নগরের জিইসি মোড়ে বিএমএ চট্টগ্রাম ভবন এর আগে সব সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এবার প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘এটি কীভাবে নিরপেক্ষ স্থান হলো? মেডিকেল ক্যাম্পাসের কাছাকাছি নির্বাচন করার জন্য একটি পক্ষ তো আগে থেকেই চাইছিল।’
চট্টগ্রাম মেডিকেল কলেজের কাছেই প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার গত বৃহস্পতিবার এই কলেজকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করেন। আর গতকাল তিনি ব্যক্তিগত ও অসুস্থতাজনিত কারণ দেখিয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল মুঠোফোনে আলাউদ্দিন মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও ফোন ধরেননি তিনি।
জানতে চাইলে নাসির-মিনহাজ পরিষদের সভাপতি পদপ্রার্থী নাসির উদ্দিন মাহমুদ বলেন, অপর পক্ষকে সুবিধা দিতেই মেডিকেল কলেজ ক্যাম্পাসের কাছাকাছি নির্বাচনী স্থান নির্ধারণ করে দিয়ে পদত্যাগ করেছেন আলাউদ্দিন মজুমদার। তবে এখন নতুন করে আহ্বায়ক নির্ধারণ করার এখতিয়ার বিএমএর নেই। কারণ বিএমএর বর্তমান সভাপতি, যুগ্ম সম্পাদকসহ অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। আমাদের দাবি, এ ক্ষেত্রে জেলা প্রশাসকের হস্তক্ষেপে নতুন আহ্বায়ক ঠিক করা হোক।
এ বিষয়ে ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘অপর পক্ষ তাঁকে (আলাউদ্দিন মজুমদার) গালাগাল করায় তিনি পদত্যাগ করেছেন। তবে বিএমএ আজ (গতকাল শনিবার) জরুরি সভা করে আহ্বায়কের পদত্যাগপত্র গ্রহণ করেনি। আলাউদ্দিন সাহেবই আহ্বায়ক থাকবেন। আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত বিএমএর বর্তমান কমিটিই সব সিদ্ধান্ত নেবে।’
এর আগে দুটি পক্ষ ভোটকেন্দ্র নির্ধারণের জন্য তিনটি করে জায়গার নাম প্রস্তাব করেছিল। এর মধ্যে মুজিব-ফয়সাল পরিষদ চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের দুটি স্থান ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের নাম প্রস্তাব করেছিল।
অন্যদিকে নাসির-মিনহাজ পরিষদ জিইসি কনভেনশন সেন্টার, নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসের নাম প্রস্তাব করে। কিন্তু আহ্বায়ক প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজকে নির্বাচনের স্থান হিসেবে নির্ধারণ করেন।