স্বাধীন নির্বাচন কমিশনের তাগিদ ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব রাজনৈতিক দলকে নিয়ে পরবর্তী নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশে একটি দক্ষ, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার ব্রাসেলসে ইইউ এবং বাংলাদেশের সুশাসন ও মানবাধিকার-বিষয়ক উপদলের বৈঠকে বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন নিয়ে এই মত দিয়েছে ইউরোপীয় জোটটি। ইইউ-বাংলাদেশের সহযোগিতা চুক্তির রূপরেখা অনুযায়ী প্রতি দুই বছর পর পর এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ব্রাসেলসে ইইউ সদর দপ্তর থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম, মৃত্যুদণ্ড, সংগঠিত হওয়া ও মতপ্রকাশের স্বাধীনতা এবং সামগ্রিকভাবে নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়, শিশুশ্রম এবং পারিবারিক সহিংসতার পরিস্থিতিও ইইউ আলোচনায় তুলেছে।
বৈঠকে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) আঞ্চলিক বিভাগের প্রধান ভেরোনিকা কোডি এবং সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সরকারি পর্যায়ের আলোচনায় বসার আগে নাগরিক সমাজ ও বেসরকারি সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল।
আলোচনায় দুই পক্ষ নিজেদের অভিন্ন স্বার্থের বেশ কিছু বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেছে। এসব বিষয়ের মধ্যে ছিল আইনের শাসন ও আইন প্রয়োগ, জাতিসংঘে মানবাধিকার বিষয়ে সহযোগিতা, সংখ্যালঘুদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম, সংগঠিত হওয়ার অধিকার, মৃত্যুদণ্ড, রোহিঙ্গাদের এখনকার পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, নারী ও শিশু অধিকার, প্রতিবন্ধীদের অধিকার, মৌলিক শ্রম অধিকার, ট্রেড ইউনিয়নের নিবন্ধন ও শ্রমের ন্যায়সংগত চর্চা।
গুম, নির্যাতন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের অধিকার, নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতার বিলোপ, অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, নাগরিক ও মৌলিক অধিকারের বিষয়ে আন্তর্জাতিক সনদ মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ রাপোটিয়েরকে বাংলাদেশে আমন্ত্রণের অনুরোধ জানিয়েছে ইইউ। মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা লোকজনের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সহমর্মিতার প্রশংসা করেছে ইইউ। এসব লোককে ফিরিয়ে না দিয়ে তাদের দেশে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছে। পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রম মানের উন্নয়নে সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট অনুযায়ী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে ইইউ। তবে আরও পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
তবে ২০১৬ সালের জুনে আন্তর্জাতিক শ্রম সম্মেলন বাংলাদেশে সংগঠিত হওয়ার বিষয়ে উদ্বেগের প্রসঙ্গটি আলোচনায় তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্মেলনে এ নিয়ে একটি বিশেষ অনুচ্ছেদ যুক্ত হওয়াটা শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি কড়া সতর্কবার্তা। ট্রেড ইউনিয়নের কর্মী ও নেতাদের ওপর হামলা ও হয়রানি জরুরি ভিত্তিতে দূর করার পাশাপাশি এ বিষয়ে তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ। শ্রম আইন এবং আইএলওর সংগঠিত হওয়ার সনদকে বিবেচনায় নিয়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার খসড়া আইন প্রয়োগের মাধ্যমে ট্রেড ইউনিয়নের নিবন্ধন-প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।