
ফিলিস্তিনি জনগণ স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজায় ইসরায়েলি হামলা ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ২০-দলীয় জোট আয়োজিত কালো পতাকা মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় তিনি এ আশা প্রকাশ করেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই ছিল রাজপথে ২০-দলীয় জোটের প্রথম কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ নয়াপল্টনে সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডবাহী মিছিলকারীরা ইসরায়েলি জায়নবাদ ও সরকারবিরোধী নানা স্লোগানে ছিলেন উচ্চকিত।
মিছিলের আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল বলেন, তাঁরা সারা বিশ্বকে জানাতে চান যে বাংলাদেশের মানুষ গাজায় নিগৃহীত মানুষের সঙ্গে আছে। তিনি গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনিদের ভূখণ্ড নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বিশ্ববিবেক জাগ্রত হওয়া ও জাতিসংঘকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, এই মিছিল সরকারের বিরুদ্ধে নয়, গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদে। তাই এখানে সরকারবিরোধী কোনো স্লোগান হবে না।
এর আগেও মাইকে একাধিকবার নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো ধরনের উসকানিতে না জড়ানোর আহ্বান জানানো হয়। দুই নেতার বক্তব্যের পর মিছিল শুরু হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলের কারণে মালিবাগ, মৌচাক, শান্তিনগর, নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল প্রভৃতি এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন থেকে মালিবাগ পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ ছিল সতর্কাবস্থায়। বিভিন্ন স্থানে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় তারা।
কর্মসূচিতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন শিবিরের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এ ছাড়া ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টিসহ (জাফর) শরিক দলগুলো মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।
ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকা থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকটি মিছিল কালো পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। বেলা তিনটা ৫০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি মালিবাগ মোড়ের দিকে যাত্রা শুরু করে। বিশাল এই মিছিলের শেষভাগ যখন কাকরাইলের নাইটিঙ্গেল মোড় অতিক্রম করে, তখন তার সম্মুখভাগ মালিবাগে পৌঁছে যায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া একটি মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য সেলিম উদ্দিন, কল্যাণ পার্টির সভাপতি মো. ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ জোটের নেতারা সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন।