স্বাধীনতা এখন পরাধীনতার শামিল: মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

বর্তমান বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ধারেকাছেও নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশে নিরাপদে বাঁচার অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। স্বাধীনতা এখন পরাধীনতার শামিল। অথচ সরকার সবাইকে বোঝাতে চাইছে, জীবনযাত্রা উন্নত হচ্ছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার সকালে নাগরিক ঐক্য আয়োজিত ‘স্বাধীনতা ও সাম্প্রতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে ভোট ডাকাতি করেছে। রাষ্ট্র যদি পুলিশ-বিজিবিকে ঘুষ দেয়, তাহলে রাষ্ট্র থাকে না। রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে।

গণজাগরণের চেষ্টা চলছে জানিয়ে মান্না বলেন, ‘দেশে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক পরিস্থিতি তেমন নেই। নির্বাচনের আগে মানুষ ব্যাপক সাড়া দিলেও রাজপথের উপস্থিতি দিয়ে আমরা প্রমাণ করতে পারিনি, আমরা ক্ষমতার বিকল্প শক্তি। এটি বোঝানো গেলেই সব শ্রেণি-পেশার মানুষ আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হবে।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাকশালসংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে মান্না বলেন, ‘তিনি ঠিকই বলেছেন, বাকশাল হলে ভোট নিয়ে বিতর্ক হতো না। বাকশাল মানে তো এক দল, কোনো ভোটেরই দরকার নেই। বিতর্ক আসবে কোথা থেকে?’ পরস্পরের প্রয়োজনে, লড়াই-সংগ্রামের তাগিদে জাতীয় ঐক্যফ্রন্টের জোট টিকে থাকবে বলেও মনে করেন তিনি।

জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, বর্তমান সরকার বড় বড় উন্নয়ন করছে। এ ধরনের উন্নয়ন আফ্রিকার সরকারও করেছে। এসব উন্নয়নে সরকারের উন্নয়ন হয়, জনগণের উন্নয়ন হয় না। সরকারের নেওয়া মেগা প্রজেক্টে জনগণের কোনো উন্নতি হবে না। দেশে জনগণের আস্থাভাজন রাজনৈতিক নেতৃত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, মমিন উল ইসলাম, জাহেদ উর রহমান প্রমুখ।