স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। কাকরাইল মোড় হয়ে শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এ বছর এটিই রাজধানীর রাজপথে বিএনপির প্রথম বড় কোনো কর্মসূচি।
শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন। বেলা তিনটার দিকে শোভাযাত্রা শুরু হয়। ব্যানার-ফেস্টুন, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি নিয়ে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেন। ঢাকা মহানগর বিএনপি শোভাযাত্রাটির আয়োজন করে।
শোভাযাত্রা শুরু করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দেওয়া হলে, জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হলে, জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশ রুখে দাঁড়াবে। তিনি সরকারকে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু এখন দেশে গণতন্ত্র বন্দী, ভোটাধিকার নেই, আইনের শাসন নেই। ভবিষ্যতে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ‘জঙ্গি যদি সত্যি এসেই থাকে, তাহলে সরকারের প্রতি আমার অনুরোধ থাকল, আপনি গণতন্ত্রকে মুক্তি দিন। মিছিলের সুযোগ করে দিন। মিছিলে মিছিলে জঙ্গি এমনিতেই কাত হয়ে যাবে, এ দেশে জঙ্গি থাকবে না। নইলে আমরা মনে করব, উদ্দেশ্যমূলকভাবে আপনারা চক্রান্তমূলক নাটক সাজাচ্ছেন।’