স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বিএনপির উদ্যোগে আলোচনা সভা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া ২৬ মার্চ শনিবার ভোর ছয়টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ওই দিন একই সময়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা ও সকাল সাতটায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে আটটায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। সেখানে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল। ২৬ মার্চ বেলা তিনটায় নয়াপল্টন থেকে স্বাধীনতা শোভাযাত্রা অনুষ্ঠান।
গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা, মহানগর ও উপজেলায় আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করবে।