বিক্ষোভ কর্মসূচি দিয়ে গা-ছাড়া ভাব বিএনপির
স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার কবর সরানোর পূর্ব লক্ষণ!
জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার এবং তা জাতীয় জাদুঘর থেকে দ্রুত সরিয়ে নেওয়ায় ‘কিংকর্তব্যবিমূঢ়’ অবস্থায় পড়েছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরিয়ে ফেলার এটা পূর্ব লক্ষণ।
পদক সরিয়ে ফেলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। কিন্তু এ কর্মসূচি সরকারের কতটা টনক নড়াবে, তা নিয়ে সন্দিহান দলের শীর্ষ নেতৃত্ব। বিএনপির নেতারা বলছেন, ঈদুল আজহা উদ্যাপনের আগমুহূর্তে সরকার জাদুঘর থেকে জিয়াউর রহমানের পদকটি সরিয়ে নিয়েছে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সারা দেশে জেলা পর্যায়ে এবং সব মহানগরের থানায় থানায় বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু ঈদের ঠিক দুই দিন আগে রাজপথের এ কর্মসূচিতে নেতা-কর্মীদের অংশগ্রহণ কতটা থাকে, তা নিয়ে সংশয় আছে। কর্মসূচি নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও কিছুটা গা–ছাড়া ভাব দেখা দিয়েছে। জানা গেছে, ঈদের আগে বিক্ষোভে নেমে গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে চাইছেন অনেকে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, এত দিন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী-সাংসদেরা সভা-সমাবেশে জিয়াউর রহমানের তির্যক সমালোচনা করলেও এই প্রথম তাঁকে দেওয়া রাষ্ট্রীয় সম্মাননা বা স্বীকৃতিতে হাত দিয়েছে সরকার। স্বাধীনতা পদক কেড়ে নিয়ে এর শুরু করেছে। নেতারা বলছেন, মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া জিয়াউর রহমানের ওপর এটি বড় আঘাত। সরকারের এ সিদ্ধান্ত নীরবে মেনে নেওয়া যেমন কঠিন, তেমনি এর প্রতিবাদে মাঠে-ময়দানে কিছু করাটাও দলের পক্ষে দুষ্কর। তাই অনেকটা ‘প্রতীকী’ প্রতিক্রিয়া হিসেবে ঈদের আগে এক দিনের কর্মসূচি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দলের পক্ষ থেকে এটি তাৎক্ষণিক প্রতিবাদ। তবে প্রতিবাদের ভাষা সময় এবং প্রয়োজনে পরিবর্তন হয়।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, হঠাৎ করে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে জাদুঘর থেকে তাঁর পদকটি সরিয়ে ফেলার পেছনে সরকারের উদ্দেশ্য তাঁদের কাছে মোটামুটি পরিষ্কার। এর পেছনে সরকারের প্রচ্ছন্ন রাজনৈতিক উদ্দেশ্য আছে। তা হচ্ছে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স থেকে জিয়ার কবর সরিয়ে ফেলার যে কথা এত দিন বলাবলি হচ্ছিল, তাকে সামনে আনা। নেতাদের ধারণা, তারই আগাম পদক্ষেপ হিসেবে জাদুঘর থেকে স্বাধীনতা পদকটি সরানো হয়েছে।
এ রকম ইঙ্গিত পাওয়া যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। তিনি গতকাল শুক্রবার সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমানের পদক সরিয়ে, মাজার সরিয়ে নিয়ে তাঁকে ছোট করা যাবে না।
‘মাজার’ সরানোর আগে স্বাধীনতা পদক প্রত্যাহার সরকারের টেস্ট কেস কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ ধরনের প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। সরকার যা করছে, সেটার ওপর আমরা প্রতিবাদ-প্রতিক্রিয়া জানাচ্ছি। এই সরকার একটি স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকার। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণের ওপর নিপীড়ন-দমননীতি চালাচ্ছে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করে তা প্রতিরোধ করার।’
অবশ্য পদক সরানোর ঘটনাকে ‘মাজার’ সরানোর সঙ্গে মেলাতে চান না আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমানের সবকিছু কেড়ে নিয়েও সরকারের কোনো লাভ হবে না। বরং এতে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে। কারণ, বিএনপির অবস্থান জনগণের মণিকোঠায়।
শিক্ষকদের প্রতিবাদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। গতকাল সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে প্রায় ২০০ শিক্ষকের নাম উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অবিচ্ছেদ্য। তিনি জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কেবল স্বাধীনতার ঘোষণাপত্রই পাঠ করেননি, জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।’