সীমান্ত হত্যার প্রতিবাদ, ধর্ষণ বন্ধ করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামি দলগুলো।
আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী অভিযোগ করেন, ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এমন দুঃসাহস দেখাচ্ছে। সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এমনকি মৌখিকভাবেও কড়া প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে না। এটা গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসকামিতা চলবে না।
হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, সবজি উৎপাদন করে কৃষক প্রতি কেজিতে মাত্র পাঁচ-ছয় টাকা পাচ্ছে, সেই সবজির দাম বাজারে ৪০ থেকে ৫০ টাকা। এটি কোনোভাবেই বরদাশত করা যায় না। আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, পুলিশের হেফাজতে মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিলেটের ঘটনা পুলিশের ভাবমূর্তিকে তলানিতে নিয়ে গেছে।
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, সারা দেশে পর্নোগ্রাফি মহামারির আকার ধারণ করেছে। পর্নোগ্রাফি, দেহ ব্যবসা, অশ্লীলতা অবিলম্বে বন্ধ না করলে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে হলে সবার আগে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে। মাদকের ব্যবসাও মহামারি আকার ধারণ করেছে, এটাও বন্ধ করতে হবে।
ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন করাই যথেষ্ট নয় বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ধর্ষণের মামলার বিচার শেষ করতে ১২ বছর, ১৬ বছর লেগে যায়। এভাবে চলবে না। দ্রুততম সময়ের মধ্যে এই আইন প্রয়োগ ও কার্যকর করতে হবে। প্রকাশ্যে শাস্তি দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে শুধু দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাট করছে।
সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের নায়েব আমির মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা মোহাম্মদ ঈশা সাহেদী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের আমির মাওলানা আবদুল্লাহ হাসান।