গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয়। তারা এখন লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রকে সংস্কার করে সেখানে জাদুঘর গড়ে তোলার দাবি জানান তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়। আমি সংসদে চ্যালেঞ্জ করেছিলাম জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে প্রমাণ দিতে। কিন্তু সেদিন কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেদা আকতার, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।