স্বাধীনতাবিরোধীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। যারা দেশের স্বাধীনতা চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যা করতে ওই হামলা চালিয়েছিল।

২১ই আগস্ট গ্রেনেড হামলা স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আহত ও নিহতদের স্মরণে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় আজ শনিবার আমু এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের সঙ্গে একটি কনফেডারেশন তৈরি করা। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতক চক্র এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তাঁর কালজয়ী আদর্শ ও নেতৃত্বের জন্য ১৬ কোটি মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশে জঙ্গি নাশকতার মাস্টার মাইন্ড হলো তারেক-খালেদা জিয়া। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন যেমন জিয়াউর রহমান। তেমনি হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা, শোলাকিয়া হামলাসহ সব জঙ্গি নাশকতার পরিকল্পনাকারী হলো তারেক-খালেদা জিয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান, ফারুক হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সম্পাদকমণ্ডলীর ইকবাল মাহমুদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।