বিএনপির স্বাধীনতাবিরোধীদের বিচার চাওয়ার বিষয়টিকে বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ইডেন কলেজ ছাত্রলীগ এই অনুষ্ঠান আয়োজন করে।
বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায় মর্মে দলটির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আর কত মিথ্যাচার, নিষ্ঠুর তামাশা, প্রতারণা করবেন?’
২০ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সর্বশেষ বিমানের যে ঘটনা, এটার রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এখানেও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কি না, এ রহস্যও উন্মোচিত হবে।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘আমি সেই ছাত্রলীগকে চাই না, যারা হলের রুম ভাগাভাগি করবে, সিট ভাগাভাগি করবে। আমি সেই ছাত্রলীগ চাই না, যারা ভর্তির সময় আধিপত্য বিস্তার করে কর্তৃপক্ষের ওপর অহেতুক চাপ সৃষ্টি করবে।’