স্বাধীনতাবিরোধীরা মানুষ খুন করছে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র ইসলামের নামে মানুষ খুন করছে। তারা চিকিৎসক, লেখক, শিক্ষক, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক, ব্লগারসহ মুক্তমনা মানুষদের খুন করছে, এমনকি পুলিশ সুপারের স্ত্রীকেও খুন করেছে।
আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীর হাট বাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, এদের মতলব ইসলাম নয়, এদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগলশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী এলজিইডির তত্ত্বাবধানে ৯৩ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার সড়ক ও চড়াইখোলা ইউনিয়নের মেলার পিলার নামক স্থানে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজের ফলক উন্মোচন করেন।