নেতাদের নানা স্বার্থের দ্বন্দ্বে একেক সময় একেক রূপ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। সর্বশেষ কাজী ফিরোজ রশীদকে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন এবং মন্ত্রিসভা থেকে জাপার তিন সদস্যের পদত্যাগ করা না-করা নিয়ে দলের অভ্যন্তরীণ বিবাদ আরও জেগে উঠেছে।
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, দলের সাংসদ কাজী ফিরোজ রশীদকে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন করা না-করা নিয়ে আবারও বিবাদে জড়িয়েছেন এরশাদ ও রওশন। ফিরোজকে উপনেতা করতে গতকাল মঙ্গলবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দ্বিতীয় দফায় চিঠি দেন জাপার সংসদীয় দলের প্রধান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এর কিছুক্ষণ পর স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন এরশাদ। তিনি সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ বিষয়ে কথাও বলেছেন।
রওশনের চিঠিতে বলা হয়, জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতক্রমে ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে উপনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে।
পাল্টা চিঠিতে এরশাদ স্পিকারকে জানান, গত ২১ আগস্টের পর জাপার সংসদীয় দলের কোনো সভা হয়নি। ওই সভায় উপনেতা নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাই কারও চিঠিতে বিভ্রান্ত না হতে স্পিকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এর আগে কাজী ফিরোজ রশীদকে উপনেতা করার জন্য ২৭ জুলাই স্পিকারকে চিঠি দিয়েছিলেন রওশন। এ খবর পেয়ে ৯ আগস্ট পাল্টা চিঠি দেন এরশাদ। এরপর উপনেতা নির্বাচন-প্রক্রিয়া থেমে যায়।
এই অবস্থায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘যাঁর নাম প্রস্তাব করা হয়েছে, তিনি যে দলের আস্থাভাজন ব্যক্তি, তা আমি কীভাবে নির্ধারণ করব। তাই আইন ও দলের গঠনতন্ত্র দেখে সে অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানতে চাইলে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার আমাদের (জাপা) সংসদীয় দলের কোনো সভা হয়নি। সভা হলে নোটিশ দেওয়া হতো, আমিও উপস্থিত থাকতাম। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদসহ ১৫ জন সাংসদ মঙ্গলবার সংসদেই যাননি।’
গণমাধ্যমে খবর বের হয়, গতকাল মঙ্গলবার সংসদ ভবনে জাপার সংসদীয় দলের সভা হয়। রওশন এরশাদের সভাপতিত্বে এ সভায় ফিরোজ রশীদকে উপনেতা নির্বাচন করা হয়। ওই সভায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলায় দলের সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদকে কটাক্ষ করে বক্তব্য দেন। মশিউর রহমান এরশাদের একক সিদ্ধান্ত আর না মানার ঘোষণাও দেন। আর তাজুল ইসলাম দলের তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করার পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এরশাদ। তবে মন্ত্রিসভা থেকে দলের তিন সদস্যের পদত্যাগের বিষয়টি কোত্থেকে এসেছে, তার একটি ব্যাখ্যা দেন। এরশাদ জানান, গত ৩১ আগস্ট জাপার সংসদীয় দলের সভায় রওশন বলেছিলেন, মানুষ জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দল মনে করে না। জাপাকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এ জন্য প্রয়োজনে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে।
এরশাদ এ প্রতিবেদককে বলেন, ‘উনার (রওশন) বক্তব্য সমর্থন করে বলেছি, প্রধানমন্ত্রী আমাকে বিশেষ দূত করেছেন। প্রয়োজনে উনার (প্রধানমন্ত্রী) অনুমতি নিয়ে আমিও পদত্যাগ করব। আলোচনার মাধ্যমে প্রেসিডিয়াম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এর বাইরে আর কোনো কথাই হয়নি বলে তিনি দাবি করেন।
দলীয় সূত্রগুলো জানায়, ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকে নানা স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এরশাদ ও রওশন। তাঁদের অনুসরণে দলের নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।
একসময় কাজী জাফরের সঙ্গে সখ্য থাকায় রওশন এরশাদকে বলা হতো বিএনপিপন্থী। আর আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আওয়ামীপন্থী বলে পরিচিত ছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনের আগ মুহূর্তে রওশন অবস্থান পাল্টান। এরশাদের নির্বাচন বর্জনের নির্দেশ অমান্য করে এই অংশটি রওশনের নেতৃত্বে নির্বাচন যায়। এরপর রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতাও হন।
আবার এরশাদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে এক মাস সিএমএইচে থাকতে বাধ্য হন। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে সাংসদ হিসেবে তিনি শপথও নেন। পরে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতও হন।
এরশাদ-রওশন দ্বন্দ্বের একপর্যায়ে এরশাদ তাঁর দীর্ঘদিনের আস্থাভাজন বলে পরিচিত এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়ে জিয়াউদ্দিন আহম্মেদকে মহাসচিব করেন। এখন জিয়াউদ্দিন এরশাদের খুব কাছের আর হাওলাদার রওশনের দিকে ঝুঁকেছেন বলে দলীয় সূত্রগুলো জানায়।
আবার কাজী ফিরোজ ছিলেন সব সময় এরশাদপন্থী। তাঁকে নিজের মুখপাত্র করেন এরশাদ। ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রওশনের দিকে যান ফিরোজ। এখন তাঁর আনুকূল্য নিয়ে উপনেতা হওয়ার চেষ্টা করছেন। তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন এরশাদ।
জাপার সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য জানান, নেতাদের নানা ধরনের স্বার্থের সংঘাতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা কার্যত ধসে পড়েছে। দলীয় প্রধান এরশাদ এবং দলের জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদের প্রতি নেতাদের আনুগত্যের অনেকটাই ব্যক্তিস্বার্থ ও লোক দেখানো হয়ে পড়েছে। ফলে দলের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সাংগঠনিক সংহতি নড়বড়ে হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সংগঠন গোছাতে তাঁরা সারা দেশে ঘুরছেন। সারা দিন দলকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে দলের অনেকে শঙ্কিত হয়ে পড়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ, জাতীয় পার্টি মানে এরশাদ।