স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি গেছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি গেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তাঁর সঙ্গে নয়াদিল্লি গেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদেরের ঢাকায় ফেরার কথা রয়েছে।